চলমান কোটা সংস্কার আন্দোলনে গোটা দেশ যখন ফুঁসে উঠেছে পক্ষে-বিপক্ষে, তখন দেশের প্রায় সব স্তরের মানুষই সোশ্যাল হ্যান্ডেলে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। বিশেষ করে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অসংখ্য শিক্ষার্থী আহত এবং ছয়জন নিহত হওয়ার ঘটনায় হতবিহ্বল হয়ে পড়ছেন দেশ-বিদেশের সর্বস্তরের মানুষ। সেই হতাশা গ্রাস করেছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকেও।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় আফরান নিশো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করলেন দেশে চলমান অস্থিরতা নিয়ে নিজের প্রতিক্রিয়া। আর এই প্রতিক্রিয়া তিনি জানিয়েছেনে নিজের লেখা কবিতার মাধ্যমে। যেখানে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লাল সবুজের পতাকায় রক্ত দেখতে চান না।
ফেসবুকে প্রকাশিত পুরো কবিতাটি হুবহু তুলে ধরা হলো-
আমার সোনার বাংলা
আমাদের প্রাণ..
লাল সবুজের পতাকা
সবুজের মাঝে লাল...
বাবা মুক্তিযোদ্ধা
চেতনা-
লড়বো যদি যাক প্রাণ..
লাল সবুজের পতাকা....
তাদেরই প্রতিদান
তাদের আত্মত্যাগের ঘ্রাণ..
তবে আজ...
কেন এতো..... লাল???
সবুজে লাল খুঁজি..
লালে নয় সবুজ
পতাকা হচ্ছে রক্তাক্ত...
পুরো জাতি কি আজ অবুঝ?
বলেন না?
মা বলেন ...আর চাই না লাল..
ফিরিয়ে দাও.. আমার সবুজ।
লাল সবুজের পতাকায় আজ কেন এতো লাল?
শান্তি চাই
হোক সংস্কার
অপমান চাই না
রক্তাক্ত রাজপথ চাই না
হোক সমাধান
লাল সবুজের পতাকায় আর তো লাল চাই না...
প্রসঙ্গত, আফরান নিশোর বাবা আবদুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ১ অক্টোবর ২০২০ সালে মৃত্যুবরণ করেন।