Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজনীতিতে জড়ানো প্রসঙ্গে যা বললেন আফরান নিশো

এই অভিনেতার বীর মুক্তিযোদ্ধা বাবাও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৮:৩২ পিএম

সারাবিশ্বে বিনোদন জগতের তারকাদের রাজনীতিতে নাম লেখানোর উদাহরণ একেবারেই কম নয়। বাংলাদেশেও বিনোদনের জগতের বেশ কয়েকজন রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি সংসদ সদস্য এবং মন্ত্রীও হয়েছেন বাংলাদেশি তারকারা। তাই জনপ্রিয় তারকাদের প্রায়ই শুনতে হয় ভবিষ্যতে তাদের রাজনীতিতে জাড়নোর পরিকল্পনা আছে কি-না। এবার এমনই এক প্রশ্নের মুখোমুখি হলেন হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

সম্প্রতি সংবাদমাধ্যম প্রথম আলোর ক্যাফে লাইভ আড্ডায় এ বিষয়ক প্রশ্নে বেশ কৌশলী উত্তর দেন আফরান নিশো।

এই অভিনেতার বীর মুক্তিযোদ্ধা বাবা রাজনীতির সঙ্গে জড়িতে ছিলেন উল্লেখ করে উপস্থাপিকা প্রশ্ন করেন, আফরান নিশো কখনো রাজনীতি করবেন কি-না?

উত্তরে নিশো বলেন, “আমার কাছে মনে হয় রাজনীতি বিষয়টা অনেকটা গুরুদায়িত্ব। এটা এমন না যে, আমার খ্যাতি আছে বা সবাই আমাকে চেনে বলে রাজনীতিতে নাম লিখিয়ে ফেললাম।”

এই অভিনেতা আরও বলেন, “বাবা রাজনীতি করতেন তার অন্যরকম দায়িত্ববোধ থেকে। আমরা চাইলেও তাদের মতো হতে পারব না। তাদের যে আবেগ, যে শক্তি ছিল; তারা যুদ্ধে গিয়েছে, জয় করে এসেছে। আমাদের মধ্যে দেশপ্রেম থাকলেও এই যান্ত্রিক জীবনে তাদের মতো ত্যাগ সম্ভব না।”

তার বাবা ১৯৭১ সালে ১১ নম্বর সেক্টরে কাদেরিয়া বাহিনীর অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বলেও জানান আফরান নিশো।

এরপর নিজের রাজনীতিতে জড়ানোর প্রসঙ্গে পাকা রাজনীতিবিদদের মতোই উত্তর দেন আফারন নিশো। তিনি বলেন, “রাজনীতি অনেক বড় দায়িত্ব। এটার জন্য প্রস্তুতি দরকার। আমার ইতিহাস ঘাঁটাঘাঁটি করা উচিত। আমি ভালো বক্তা না, সেজন্য প্রস্তুতি দরকার। এটার জন্য একটা মানুষের কমপক্ষে দশ বছরের প্রস্তুতি দরকার। আমি যে ভূখণ্ডে বসবাস করি সেখানকার পলিটিক্যাল স্ট্যাটাসটা আসলে কী, সেখানে আমি কীভাবে মুভঅন করব এবং কীভাবে আমার দেশের জন্য দায়িত্বশীল কাজ করব; এসব বিষয়ে যদি আমার ব্যাকগ্রাউন্ডে দশ বছরের স্টাডি থাকে, তখন আমি এটা নিয়ে ভাবতে পারি। বিষয়টা এমন না আমাকে টিকেট দেওয়া হলো, আর আমি নিয়ে নিলাম।”

এরপর উপস্থাপিকা জানতে চান, আফরান নিশোকে বছরে অনন্ত একটা সিনেমায় দেখা যাবে কি-না। জবাবে এই অভিনেতা বছরে ৩-৪টা সিনেমায় অভিনয় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে নাটক ও ‍বিজ্ঞাপনে আধিপত্য ধরে রেখেছেন আফরান নিশো। এরপর ওটিটিতে নাম লিখিয়েও সমান জনপ্রিয়তা পান। গতবছর প্রথমবারের মতো বড় পর্দায় পা রাখেন তিনি। “সুড়ঙ্গ” নামের অভিষেক সিনেমা দিয়েই হইচই ফেলে দেন। সম্প্রতি আরও দুটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন আফরান নিশো।

   

About

Popular Links

x