আওয়ামী লীগ সরকারের সময়ে শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন তিনি।
কিন্তু এ অভিনেত্রী অফিসে প্রবেশের পরই সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনি বাধ্য হয়েই শিল্পকলা একাডেমি থেকে চলে যান।
সম্প্রতি আলোচনায় আসা “আলো আসবেই” গ্রুপকাণ্ডে তার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যেসব তারকা রাজপথে ছিলেন তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সব মিলিয়ে এই অভিনেত্রীর প্রতি প্রচণ্ড তিক্ততা সৃষ্টি হয়েছে সর্বমহলে।
গত সরকারের সময় শিল্পকলা একাডেমিতে চুক্তিভিত্তিক পরিচালক হিসেবে নিয়োগ পান অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সে কারণেই আজ অফিসে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী। এক পর্যায়ে জ্যোতিকে দেখে শিল্পকলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জড়ো হতে থাকেন। এরপর জ্যোতিকে দেখে দরজা বন্ধ করে দেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা সাংবাদিকদের বলেন, “জ্যোতিকা জ্যোতি অফিসে আসায় হতবাক সবাই। আমরা তাকে বলেছি অফিস থেকে চলে যেতে। কারণ, তিনি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।”