অস্কার দৌড়ে ভারতের হয়ে ‘সন্তোষ’ সিনেমাও অংশ নেবে

অস্কারে শুধু লাপাতা লেডিস নয়, আরও এক হিন্দি ছবি এন্ট্রি পেয়েছে। তবে এই ছবিটি ভারতে নয়, নির্মিত হয়েছে যুক্তরাজ্যে। ছবির নাম “সন্তোষ”। পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সন্ধ্যা সুরী।

আমেরিকান সংস্থা বিএএফটিএ “সন্তোষ” ছবিটি বাছাই করেছে। এই ফিচার ফিল্মে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী শাহানা গোস্বামী। আছেন সুনিতা রাজওয়ার, প্রতিভা অবস্থি।  সিনেমাটি ২০২৪ সালের কান ফেস্টিভ্যালে আন সার্টেন রিগার্ড প্রিমিয়ার করেছে।

সিনেমাটি থ্রিলারধর্মী। এই ছবির প্রেক্ষাপট উত্তর ভারতের একটি গ্রাম। ওই গ্রামের সদ্য বিধবা সন্তোষ। তার প্রয়াত স্বামী ছিলেন পুলিশ কনস্টেবল। সন্তোষ তার স্বামীর মৃত্যুর পর পুলিশ কনস্টেবলের  চাকরিটি পান। চাকরি পাওয়ার পরেই একটি অল্প বয়সী মেয়ের হত্যার তদন্তে জড়িয়ে পড়েন তিনি। এরপর ধীরে ধীরে এগোতে থাকে গল্প।

“সন্তোষ” সিনেমাটি আমেরিকায় খুবই জনপ্রিয় হয়েছে। সেদেশের সিনে সমালোচকরা এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন মাইক গুডরিজ, জেমস বাশার, বালখাজার ডি গানে এবং অ্যালান ম্যাক অ্যালেক্স। নির্বাহী প্রযোজক ছিলেন আমা আমপাদু, ইভা ইয়েটস, ডিয়ারমিড স্ক্রিমস, লুসিয়া হাসলাউয়ার এবং মার্টিন গেরহার্ড।

এদিকে অস্কার দৌড়ে ভারতের হয়ে লড়বে পরিচালক কিরণ রাওয়ের “লাপাতা লেডিস”। বলিউডের তারকাবিহীন ছবির এমন সাফল্যে গোটা দেশই উচ্ছ্বসিত। তবে “লাপাতা লেডিস” ভারতের পক্ষ থেকে এন্ট্রি পাওয়ায় বিতর্কও উঠেছে। সিনেপাড়ার একাংশ মনে করছেন, কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি পুরস্কার পাওয়া পরিচালক পায়েল কাপাডিয়ার “অল উই ইমাজিন অ্যাজ লাইট” সিনেমাটিকেই ভারতের পক্ষ থেকে অস্কারে পাঠানো উচিত ছিল।