বিচ্ছেদ ঘোষণার পরও পুনর্মিলনের সুযোগ নিয়ে যা বললেন সায়রার আইনজীবী

কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান এবং সায়রা বানু। দীর্ঘ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা করতেই চর্চায় অস্কারজয়ী এই গায়ক। এবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাদের আইনজীবী জানিয়েছেন যে বিচ্ছেদের কথা ঘোষণা করলেও, তাদের পুনর্মিলন হতেই পারে। অর্থাৎ সেই সম্ভাবনা রয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি এ আর রহমান এবং সায়রা বানুর আইনজীবী রুবি ভিকি লালওয়ানিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। হাজির হয়েছিলেন তার ইউটিউব চ্যানেলের শোয়ের পর্বে। সেখানেই আইনজীবী জানিয়েছেন যে বিচ্ছেদের কথা ঘোষণা হলেও, পুনর্মিলনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে তিনি বলেন, “আমি কখনই বলিনি যে পুনর্মিলন সম্ভব না। আমি খুবই ইতিবাচক ভাবনা দেখি। আমি সবসময়ই প্রেম এবং রোম্যান্সের কথা বলি। ওরা যে যৌথ বিবৃতি দিয়েছেন সেটা বেশ স্পষ্ট। সেখানে যন্ত্রণা এবং বিচ্ছেদের কথা আছে। ওদের বিয়েটা দীর্ঘদিনের, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছে বিয়েটা। আর সেখান থেকেই এই সিদ্ধান্ত এসেছে। কিন্তু আমি কখনই বলিনি যে পুনর্মিলন সম্ভব না।”