৫ নভেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা সিরিজের বহু অপেক্ষিত পরবর্তী ভাগ। আর সেই সিনেমার প্রিমিয়ারের দিন হায়দরাবাদে ঘটে এক মর্মান্তিক ঘটনা। দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে একবার দেখার আশায় শুরু হয় ধাক্কাধাক্কি। আর তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। আর সেই ঘটনার পর এই দক্ষিণি অভিনেতা এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ছিল “পুষ্পা ২” সিনেমাটির প্রিমিয়ার। এমনি তার জন্য উপচে পড়েছিল ভিড়। আর এরই মধ্যে আচমকাই সেখানে আল্লু অর্জুন আসায় পড়ে যায় হুড়োহুড়ি। নিমেষে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়। সেই সময় সিনেমা হলে ছেলেকে নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন সেই নারী। তখনই পদপিষ্ট হয়ে মারা যান তিনি। পরবর্তীতে সেই ছেলেকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করানো হয় হাসপাতালে। এরপর অভিনেতা আল্লু অর্জুন তো বটেই, সন্ধ্যা সিনেমা হলের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে মামলা।
পুলিশ জানায়, আল্লু অর্জুন আগে থেকে খবর না দিয়ে আচমকাই সেখানে চলে আসেন। পুলিশও সেভাবে প্রস্তুত ছিল না, তাই সেই সময় হুড়োহুড়ি নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়ায় কর্মরত পুলিশের পক্ষ।
এ বিষয়ে হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানিয়েছেন, সিনেমা হল কর্তৃপক্ষের কাছে আগে থেকেই খবর ছিল যে অভিনেতা আসছেন সেখানে। কিন্তু তারা কিছুই জানাননি।
এ বিষয়ে মারা যাওয়া নারীর স্বামী এই ঘটনার বিষয়ে জানিয়েছেন, “আমাদের ছেলে শ্রী তেজা আল্লু অর্জুনের ভক্ত। ওর জন্যই আমরা সিনেমাটা দেখতে এসেছিলাম। সবাই আমাদের ছেলেকে পুষ্পা বলে ডাকে। কিন্তু আমি আমার স্ত্রীর মৃত্যুটা মেনে নিতে পারছি না।”