অগ্রিম টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি থেকেই সিনেমাটি আয় করেছে ১৫ কোটি ৯ লাখ রুপি। চলচ্চিত্রটি মুক্তির আর মাত্র ২ দিন বাকি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের বহুল আলোচিত চলচ্চিত্র ‘জন নয়াগণ’। রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার আগে এটিকেই অভিনেতা বিজয়ের শেষ সিনেমা হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুক্তির ৪৮ ঘণ্টারও কম সময় বাকি থাকতেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং দ্রুত বাড়ছে। গত ১৯ জুলাই বুকিং শুরু হওয়ার পর প্রথমদিকে সাড়া কিছুটা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বেড়েছে।
রাজ্যভিত্তিক অগ্রিম বুকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে তামিলনাড়ু, যেখানে আয় হয়েছে প্রায় ৬ কোটি ৭৪ লাখ রুপি। এরপর রয়েছে কর্ণাটক থেকে ৪ কোটি ৮৮ লাখ রুপি এবং কেরালা থেকে ১ কোটি ৮০ লাখ রুপি।
পরিসংখ্যানের তথ্য বলছে, অগ্রিম বুকিংয়ের দিক থেকে ‘জন নয়াগণ’ এখন বিজয়ের আগের দুই সফল সিনেমা ‘লিও’ এবং ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ এর রেকর্ডের কাছাকাছি।



