‘পুষ্পা ২’ প্রিমিয়ারে নারী ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩

গত ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহুল আকাঙ্ক্ষীত সিনেমা “পুষ্পা ২”। সিনেমাটির প্রিমিয়ার উপলক্ষে ৪ ডিসেম্বর হায়দ্রাবাদে ঘটে যাওয়া অপ্রীতিকর এক ঘটনায় মৃত্যু হয় ৩২ বছর বয়সী এক নারী ভক্তের। ওই নারীর ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে যখন সিনেমাটির লিড অভিনেতা থিয়েটারে প্রবেশ করেন, অভিনেতাকে এক ঝলক দেখার জন্যও ভক্তরা সামনে এগিয়ে আসেন এবং তখনই তৈরি হয় সমস্যা।

এ ঘটনায় আল্লু আর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের পরিবারের সদস্যরা। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে আল্লু আর্জুন নিহতের পরিবারের নিকট ক্ষমা চান এবং অভিনেতার থেকে পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয় এবং আশ্বাস দেওয়া হয়েছে গুরুতর জখম হওয়া ওই ছেলেটির সমস্ত চিকিৎসার খরচের দায়ভার নেবেন অভিনেতা।

এবার হায়দ্রাবাদ পুলিশ এ ঘটনায় জড়িয়ে থাকার অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করেছেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের। রিপোর্ট অনুযায়ী জানা যায়, পুলিশ যে ৩ তিনজনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর।

তবে শুধু এই একটি ঘটনা নয়, আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা শোনা গেছে বিভিন্ন জায়গা থেকে। তেলেঙ্গানার একটি সিনেমাহলে ‘‘পুষ্পা ২’’ না দেখানোর অপরাধে সিনেমা হলের মালিককে মারধর করার হুমকি দেয় এক তরুণ এবং তার বন্ধুবান্ধব, যদিও পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করা হয়।

‘‘পুষ্পা ২’’ সিনেমার পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত। সিনেমায় ভানোয়ার সিং শেখাওয়াতকে খলনায়কের চরিত্রে দেখানোর জন্য পরিচালকের ওপর ক্ষুব্ধ কর্ণি সেনার প্রধান। তার বিশ্বাস, এই চরিত্রের মাধ্যমে ক্ষত্রিয়দের অপমান করা হয়েছে।