রুনা লায়লার সুরে ‘বাংলা গান’ গাইলেন রাহাত ফতেহ আলী খান

আর্মি স্টেডিয়ামে গাওয়ার পর সোমবার দ্বিতীয় দিনের মতো গাইলেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। এ দিন তিনি নিজের গানের সঙ্গে গেয়েছেন উপমহাদেশের সঙ্গীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানও।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিপিএলের মঞ্চে গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। রাত ৯টায় মঞ্চে ওঠে তিনি প্রথমেই বলেন, “ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।”

এদিন রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে “ভালোবাসা আমার পর হয়েছে” শিরোনামের গানটি শুনে চমকে ওঠেন আগত শ্রোতারা।

“আল্লাহ হু” গান দিয়ে শুরু করে একে একে গাইলেন সেরা সেরা অন্য সব গান। মাঝে গেয়েছেন উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের “সানু এক পাল চেন” গানটি। পরে গান গাওয়ার একপর্যায়ে রাহাত ফতেহ আলী বলেন, ‘‘এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব।” রাহাত ফতেহ আলীর কণ্ঠে রুনা লায়লার গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত শ্রোতারা করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।

ঢাকার মিরপুরে বিপিএলের উদ্বোধনী মঞ্চে টানা ২ ঘণ্টা গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তার অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেন, ‘‘রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান- এই দুই দেশে তার তুমুল জনপ্রিয়তা রয়েছে। আমি তাকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি আমাদের অগ্রজ। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সঙ্গীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।’’