ভারতের ভিসা না পেয়ে পরীমণি: ডানা কাটা পরী বলে উড়ে যেতে পারি না

পরীমণির ভারতের ভিসা পেলেন না। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এ কথা নিজেই জানিয়েছেন তিনি।

পরীমণি লিখেছেন, “আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ কলকাতায় আমার সিনেমা ‘ফেলুবক্সি’ রিলিজ হবে! আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি। ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত, কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সি টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার।”

তিনি আরও লিখেছেন, “ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি কিন্তু ফেলুবক্সির লাবণ্যকে কলকাতার সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।”

উল্লেখ্য, “ফেলুবক্সী” সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।

এদিকে বাংলাদেশে জুলাই মাসের পর থেকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বদল ঘটেছে। যদিও দুই দেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে অবাধ বিচরণ এখনও অব্যাহত। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর কলকাতায় চঞ্চল চৌধুরীর “পদাতিক” সিনেমাটি মুক্তি পেয়েছিল। সেই সময়েও নিজের ছবির মুক্তিতে উপস্থিত থাকতে পারেননি চঞ্চল। এরপর অপূর্বের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। অপূর্ব ভিসা না হওয়ার সময়েই বাংলাদেশের অভিনেত্রী পরীমণির ব্যাপারে আশঙ্কা করা হচ্ছিল তার ছবি মুক্তির সময় একই ঘটনা ঘটতে পারে।