৫ দিন পর বাড়ি ফিরলেন সাইফ, ‍নিরাপত্তা জোরদার

রবিবার পুলিশের হাতে ধরা পড়েন সাইফ আলী খানের হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ। মুম্বাই পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি নিয়ে যান পরিবারের সদস্যরা।

সাইফের বাড়ি ফেরার আগে বান্দ্রার সেই বাড়িতে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। সেখানেই বুধবার মধ্যরাতে সাইফের বাড়িতে অনুপ্রবেশের ঘটনার পুনর্নিমাণ করা হয়। নতুন করে ওঠে আসে চাঞ্চল্যকর তথ্য। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

অভিযুক্ত দাবি করেন, প্রথমে অভিনেতার বাড়ির ১০ তলার গোসল ঘরে লুকিয়ে ছিলেন তিনি। তারপর শীতাতপ নিয়ন্ত্রনক যন্ত্রের নিষ্কাশন পাইপের সাহায্যে ওপরে ওঠে পড়েন তিনি।

ওই বাড়ির তিনটি তলা নিয়ে থাকেন সাইফ-কারিনা দম্পতি। কীভাবে এমন অভিজাত ভবনে ঢুকে পড়লেন শরিফুল এমন প্রশ্নের জবাব পুলিশ জানান, অভিনেতার বাড়ির ভেতরকার দরজায় সিসি ক্যামেরা সক্রিয় থাকলেও মূল প্রবেশদ্বারের ক্যামেরাগুলো ছিল অকেজো। কিন্তু তাতেও সন্দেহের নিরসন হয় না। যদিও হামলাকারী শরিফুল নিজের অপরাধ স্বীকার করেছেন। পাশাপাশি দাবি করেছেন, তিনি নাকি জানতেনই না কার বাড়িতে ঢুকেছেন।