স্বর্ণ পাচারের অভিযোগে ভারতীয় অভিনেত্রী গ্রেপ্তার

স্বর্ণ চোরাচালানের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রানিয়া রাওকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম টামস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন এই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) কর্মকর্তারা তাকে আটক করেন। 

জানা যায়, শরীরের বিভিন্ন অংশ ও পোশাকের মধ্যে লুকিয়ে তার সঙ্গে ১৪.৮ কেজি স্বর্ণ ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রানিয়া রাওকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ দিনে ৪ বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন তিনি। 

সোমবার রাতে ভারতে অবতরণের পর রানিয়া রাও নিজেকে কর্ণাটক পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তার মেয়ে বলে দাবি করতে থাকেন। শুধু তা–ই নয়, দুবাই থেকে ভারতে আসার সময় তিনি বিমানবন্দরে কাস্টমস চেকিং এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সন্দেহ আরও প্রবল হয়।

উল্লেখ্য, কন্নড় সিনেমায় রানিয়া রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি।