মুক্তির দ্বিতীয় দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের সিনেমা

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি নতুন সিনেমা। এর মধ্যে আছে শাকিব খানের দুই সিনেমা “বরবাদ” ও “অন্তরাত্মা”। তবে বড় বাজেটের “বরবাদ” ঘিরে দর্শকদের উন্মাদনা থাকলেও খরায় ধুঁকছে “অন্তরাত্মা”। আর সে কারণেই মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি আশানুরূপ ব্যবসা করতে পারছে না বলে জানা গেছে।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মঙ্গলবার মুক্তি পায় “অন্তরাত্মা” সিনেমাটি। তবে দ্বিতীয় দিনে এসেই স্টার সিনেপ্লেক্সে এখন সিনেমাটির কোনো প্রদর্শনী নেই।

দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ওয়াজেদ আলী পরিচালিত “অন্তরাত্মা”। এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় বুধবার সকালেই সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের “অন্তরাত্মা”।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। অন্তরাত্মা নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।”

“অন্তরাত্মা” নামিয়ে ফেলা হলেও সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত “বরবাদ” সিনেমার প্রদর্শনী বেড়েছে বলে জানান মেজবাহ আহমেদ।

২০২১ সালে অনেকটা ঢাকঢোল পিটিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে “অন্তরাত্মা” সিনেমার শুটিং শুরু হয়। মহরতের আগেই সিনেমাটি সে বছর রোজার ঈদে মুক্তির পরিকল্পনায় ছিল বলে নিশ্চিত করেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি। তবে এবার ঈদের একদম আগমুর্হূতে এসে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সোহানী হোসেনের মূল গল্পে ফেরারী ফরহাদের চিত্রনাট্যে “অন্তরাত্মা”র অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।