ইসলামিক শব্দের কারণে আপত্তির মুখে নাম বদলাতে হয়েছে রোশান ও শবনম বুবলী অভিনীত সিনেমা “পুলসিরাত”-এর নাম। সিনেমাটির নতুন নাম রাখা হয়েছে “সরদার বাড়ির খেলা”।
সিনেমা সংশ্লিষ্টদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিযেছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে “পুলসিরাত” নামে সরকারি অনুদান পেয়েছিল সিনেমাটি।
তবে নির্মাণের পর যখন প্রিভিউ কমিটিতে সিনেমাটি জমা দেওয়া হয়, তখন কমিটি থেকে নাম পরিবর্তন করতে বলা হয়।
এ বিষয়ে সিনেমাটির পরিচালক রাখাল সবুজ বাংলা ট্রিবিউনকে বলেন, “পুলসিরাত নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে। এ কারণে নাম পরিবর্তন করতে হয়েছে। কিন্তু যখন অনুদান পেয়েছি, তখন এই নামই ছিল।”
তবে সিনেমার গল্পে ইসলামিক কিছু নেই বলে জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, “যেহেতু অনুদানের সিনেমা, তাই মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে। দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড ‘সরদার বাড়ির খেলা’ নামে সেন্সর দিয়েছে। নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে। কারণ এই নামেই এতদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে।”
নির্মাতা আরও বলেন, “পুলসিরাত নামটা আকর্ষণীয় ছিল। নামের ওপর ভিত্তি করে একটি গানও রয়েছে সিনেমাতে। সেটা থাকবে এবং একটি ট্যাগ লাইন রেখেছি- বাহাত খবরদার, পুলসিরাত হইমু পার।”
উল্লেখ্য, আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে “সরদার বাড়ির খেলা” সিনেমাটি।