মব বন্ধে আগামী ১০ মাস প্রধান উপদেষ্টাকে 'কাফফারা' দিতে বললেন নিপুন

সিনেমা হল সংকটে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টারের হল ভাড়া করে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী "তাণ্ডব" সিনেমা প্রদর্শনের উদ্যোগ নিয়েছিল। ঈদের দিন থেকে সিনেমাটির প্রদর্শনী চলছিল। শাকিব খান অভিনীত সিনেমাটি দেখতে সেখানে প্রতিদিন ভিড় করছিলেন অসংখ্য মানুষ। তবে সেখানে সিনেমা প্রদর্শনে বাধ সাধে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল। যাতে "তাণ্ডব" চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়।

এরপর নিরাপত্তাহীনতার কথা বলে মঙ্গলবার (১০ জুন) থেকে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে ঘোর প্রতিবাদ ওঠে ফেসবুকে। এ বিষয়ে রাষ্ট্রের "অবাক নীরবতা" নিয়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই ক্ষোভ জানান নিপুন।

তিনি এই ঘটনার সূত্র ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, গত ১০ মাস মবের উল্লম্ফন বন্ধ না করতে পারার কাফফারা (জরিমানা) হিসেবে আগামী ১০ মাস এটিই প্রধান কাজ হওয়া উচিত।

ফেসবুক পোস্টে আশফাক নিপুন বলেন, ‘‘অবিলম্বে কালিহাতিতে ‘তাণ্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন, যেকোনো পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।’’

প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে আশফাক নিপুন বলেন, "টাঙ্গাইলের কালিহাতিতে সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ আর আপনি (প্রধান উপদেষ্টা) এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যে কোনও প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?"

প্রসঙ্গত, গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে থেকেই আওয়ামী সরকারের বিরুদ্ধে সরব ছিলেন নির্মাতা আশফাক নিপুন। অন্তর্বর্তী সরকার গঠনের পরও বিভিন্ন সময় বিভিন্ন দাবি ও ভাবনার কথা ফেসবুকে তুলে ধরেছেন তিনি। প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন অসঙ্গতির।