একটানা ১৪ দিন চিয়া সিড খেলে কী হয়?

ফিটনেস সচেতনদের কাছে চিয়া সিড এক পরিচিত নাম। ছোট্ট কালো এই বীজে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। হজমশক্তি বাড়ানো, ওজন নিয়ন্ত্রণ, হাড় মজবুত করা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ- এগুলোই এর প্রধান গুণ। তবে বেশি খেলে হতে পারে পেট ব্যথা, গ্যাস বা ডায়রিয়া।

ভারতের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ড. সৌরভ শেঠি জানিয়েছেন, প্রতিদিন টানা ১৪ দিন চিয়া সিড খেলে শরীরে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে:

  • দীর্ঘ সময় পেট ভরা রাখে: চিয়া সিডস নিজের ওজনের প্রায় ১২ গুণ পানি শোষণ করে, যা হাইড্রেশন বাড়ায় এবং ক্ষুধা দমন করে।
  • হজমে সহায়ক: প্রচুর ফাইবার থাকায় অন্ত্রের কার্যকারিতা উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য কমায়।
  • ওজন নিয়ন্ত্রণে ভূমিকা: ক্ষুধা কমানো ও শক্তি সরবরাহের কারণে ওজন কমানোর যাত্রায় সহায়ক।
  • ত্বকের জন্য উপকারী: নিয়মিত খেলে ত্বকের টেক্সচার ও উজ্জ্বলতায় সামান্য উন্নতি দেখা যেতে পারে, কারণ এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট।

কীভাবে খাবেন চিয়া সিড?

সকালের নাস্তা বা খালি পেটে পানিতে ভিজিয়ে খাওয়া সবচেয়ে ভালো। এতে সারাদিনের জন্য শরীরে শক্তি যোগাবে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে রাতে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলাই ভালো, বিশেষত যাদের হজমে সমস্যা হয়।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, যেকোনো খাবারের মতো চিয়া সিডও পরিমিত মাত্রায় খাওয়া উচিত। তাহলেই মিলবে এর সঠিক উপকারিতা, আর এড়ানো যাবে অপ্রয়োজনীয় পার্শ্বপ্রতিক্রিয়া।