ঘন ও মজবুত চুলের জন্য অ্যালোভেরা খাবেন, না-কি মাখবেন?

ন্যূনতম যত্নেই ঘরে জন্ম নেয় অ্যালোভেরা গাছ। সহজলভ্য এই ভেষজ উপাদান যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে ত্বক, চুল ও শরীরের নানা সমস্যার সমাধানে। তবে প্রশ্ন থেকে যায়- অ্যালোভেরা জেল মাথায় মাখা ভালো, নাকি রস খেলে বেশি উপকার মেলে? বিশেষজ্ঞরা বলছেন, দু’টির কার্যকারিতা আলাদা হলেও একে অপরের পরিপূরক। তাই বাইরে থেকে যত্ন ও ভেতর থেকে পুষ্টি- দুই দিক মিলিয়েই চুলকে করা যায় ঘন ও স্বাস্থ্যকর।

চুলে অ্যালোভেরা জেল

অ্যালোভেরার পাতা কেটে ভেতরের স্বচ্ছ জেল সরাসরি মাথার ত্বকে লাগালে তা মাথার ত্বক আর্দ্র রাখে, খুশকি কমায় এবং প্রদাহ দূর করে। এতে চুল গজানোর জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে চুল পড়া কমে এবং গোড়া মজবুত হয়।

অ্যালোভেরার রস

ভেতর থেকে পুষ্টি জোগাতে অ্যালোভেরা রসের জুড়ি নেই। এতে থাকা ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিড্যান্ট শরীর থেকে টক্সিন দূর করে, হজম শক্তি বাড়ায় এবং পুষ্টির শোষণ নিশ্চিত করে। ফলে চুলের গোড়া শক্ত হয় ও নতুন চুল গজায় দ্রুত।

বিশেষজ্ঞদের পরামর্শ

শুধু জেল বা শুধু রস নয়, দু’টিকে একসঙ্গে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বাইরে থেকে জেল চুলের যত্ন নেয় আর ভেতর থেকে রস শরীরকে পুষ্টি জোগায়। ফলে চুল হয় ঘন, মজবুত ও উজ্জ্বল।