জেন-জিরা কেন নতুন নতুন পর্যটনকেন্দ্রের খোঁজে থাকে?

সময়ের সঙ্গে সঙ্গে সংস্কৃতি ও সভ্যতা বিকাশের মঞ্চে যুগপৎভাবে বদলেছে মানুষের জীবনধারণ ও দৃষ্টিভঙ্গি। পুরনো জায়গায় নতুনের স্থলাভিষিক্ত হওয়ার মধ্য দিয়ে প্রগতিশীলতার প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে ঐতিহ্যের ভিত্তি প্রস্তরে। সময়ের এই ধারাকে অব্যাহত রাখার তেমনই এক নিদর্শন “জেনারেশন জেড” বা “জেন-জি”।

জেন-জিদের মন কী যেন খুঁজে যায়। ক্রমাগত তারা খুঁজে চলেছে নতুন নতুন পর্যটনকেন্দ্র। যেসব গন্তব্যে কেউ কখনো যায়নি, যেখানে মানুষজনের ভিড় নেই, সেসব দিকেই ছুটছেন তারা। তাদের মধ্যে নতুন জায়গা এক্সপ্লোর করার চাহিদা বেড়েছে। পাশাপাশি বেড়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ও স্লিপ ট্যুরিজমের চাহিদাও। এরই মাঝে তরুণ প্রজন্ম খুঁজছে অচেনা-অজানা সব পর্যটনকেন্দ্র। চলুন জেনে নেওয়া যাক জেন-জিদের নতুন পর্যটন এলাকা খুঁজে নেওয়ার কারণ সম্পর্কে।

ভিড় কম, খরচ কম

যে জায়গার পর্যটন শিল্প উন্নত হয়, সেখানে বেশি পর্যটকের দেখা মেলে। কিন্তু জেন-জিরা এখন একটু নিরিবিলি জায়গার খোঁজে। যেখানে চাইলেও কেউ যেতে পারে না, কোনো ধরনের সুযোগ-সুবিধা থাকে না, সেখানে খুব কম মানুষ যায়। যে জায়গা সম্পর্কে মানুষ জানে না, যেখানে যায় না, সেসব জায়গা স্বাভাবিকভাবেই ভিড়, কোলাহল মুক্তি। পাশাপাশি ওই সব জায়গার থাকা-খাওয়ার খরচ অনেকটাই কম হয়। কম খরচে নতুন জায়গা ঘোরা যায়। 

সংস্কৃতির সঙ্গে একত্র হওয়া

বেশির ভাগ অফবিট স্থানে নিজের মতো করে ঘোরা যায়। সেই জায়গার ইতিহাস, ভৌগলিক অবস্থান, সংস্কৃতি সম্পর্কে জানা যায়। সেখানকার মানুষের সঙ্গে সহজেই মেশা যায় এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানা যায়। ভ্রমণের প্রকৃতি অর্থ বোঝা যায়। এ কারণেই জেন-জিরা নতুন নতুন পর্যটন এলাকা বেড়াতে যেতে চাইছে। এ সব জায়গায় বেড়াতে যে অভিজ্ঞতা তৈরি হয়, তা চেনা পর্যটন স্থানে হয় না।

ইকো-ট্যুরিজম

আজকাল জেন-জিরা বেছে নিচ্ছে সাসটেইনেবল এবং ইকো ট্যুরিজম। প্রকৃতি ক্ষতি না করে একদম ছিমছাম ভাবে ঘুরতে পছন্দ করে তারা। বলা চলে, প্রকৃতি কাছাকাছিই থাকতে চাইছে তারা। বিলাসবহুল ভ্রমণের বদলে কম খরচে সাদামাটাভাবে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করছে জেন-জিরা। সেই কারণে আরও বেছে নিচ্ছে অচেনা অজানা জায়গা।

নতুনের খোঁজে

যে জায়গা সম্পর্কে সকলে জানে, চেনে, সেখানে নতুন কিছু দেখার থাকে না। কিন্তু কোনো নতুন জায়গায় গেলে অনেক নতুন জিনিস দেখা যায়, অনেক কিছু শেখা যায় ও জানা যায়। যদি কেউ ভ্রমণের পাশাপাশি ব্লগিং করে, সে ক্ষেত্রে তারা বেশি করে এ ধরনের পর্যটন এলাকার খোঁজ করতে থাকে।