গ্যাস, বুকজ্বলা বা বদহজমের সমস্যা নতুন নয়। ভরপেট খাওয়ার পরপরই শুয়ে পড়া, অতিরিক্ত ভাজা-মশলাদার খাবার খাওয়া বা অনিয়মিত জীবনযাত্রা থেকে এমন সমস্যার উদ্ভব হয়। তবে গবেষণা বলছে, শুধু খাওয়াদাওয়ার ভুলই নয়- মানসিক চাপও এই ধরনের হজমের সমস্যার বড় কারণ হতে পারে।
“হার্ভার্ড হেলথ পাবলিশিং"-এ প্রকাশিত ২০১৩ সালের এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ সরাসরি প্রভাব ফেলে পরিপাকতন্ত্রে। মস্তিষ্কের চাপের সংকেত পৌঁছে যায় পাকস্থলী ও অন্ত্রে। যার ফলে বুক জ্বলা, গ্যাস, খিদে না পাওয়া, এমনকি বমিভাবও দেখা দিতে পারে। একইভাবে "পাবমেড"-এ প্রকাশিত ২০১৯ সালের এক সমীক্ষায় দেখা গেছে, উদ্বেগ হজমের সমস্যা যেমন আইবিএস, পেট ফাঁপা বা কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দেয়।
সমাধান কীভাবে?
- শরীরচর্চা ও যোগাসন: নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়াম শুধু দুশ্চিন্তা কমায় না, হজমেও সহায়তা করে।
- খাদ্যাভ্যাসে পরিবর্তন: ভাজা-মশলাদার খাবার বাদ দিয়ে ফাইবার ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। টকদই ও দইয়ের মতো প্রোবায়োটিক খাবারও কার্যকর।
- যথেষ্ট পানি পান: প্রতিদিন অন্তত ৩ লিটার পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
- পর্যাপ্ত ঘুম: ৭-৮ ঘণ্টা ঘুম হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং উদ্বেগ কমায়।
- শ্বাসের ব্যায়াম : নিয়মিত শ্বাসের ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্য ভালো রাখাই সুস্থ হজমের অন্যতম চাবিকাঠি। তাই শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া জরুরি।