ইট-পাথরের ধূসর নগরী, ট্রাফিক জ্যামের অসহনীয় শব্দ আর স্মার্টফোনের স্ক্রিনে আমাদের জীবন এখন ওষ্ঠাগত। এই বন্দি নাগরিক জীবনে আমরা যখন হাঁপিয়ে উঠি, তখন মন চায় প্রকৃতির নিবিড় ছোঁয়া। জাপানিরা এই আকুলতাকেই নাম দিয়েছেন 'শিনরিন-ইয়োকু', যা বিশ্বজুড়ে এখন ‘ফরেস্ট বাথিং’ বা বন-স্নান নামে পরিচিত। এটি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অরণ্যকে অনুভব করার এক অনন্য পদ্ধতি।
শিনরিন-ইয়োকু: জাপানি দর্শনে সুস্থতা
১৯৮০-র দশকে জাপানে প্রথম এই ধারণার উৎপত্তি হয়, যাকে তারা বলে 'শিনরিন-ইয়োকু'। জাপানিজ ভাষায় 'শিনরিন' মানে বন এবং 'ইয়োকু' মানে স্নান। জাপানের বন মন্ত্রণালয় বলেছে, "প্রযুক্তির চাপে সাধারণ মানুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং হৃদরোগ বাড়ছে, তখন তারা এই পদ্ধতির প্রচারণা শুরু করে।" আজ এটি কেবল জাপানে নয়, বরং ইউরোপ ও আমেরিকার চিকিৎসকরাও সাময়িক প্রশান্তির জন্য ফরেস্ট বাথিং এর পরামর্শ দিয়ে থাকেন।
কেন এটি মহৌষধ? বৈজ্ঞানিক সত্যতা
বিজ্ঞানীদের মতে, বনের গাছপালা নিজেদের সুরক্ষায় বাতাসে 'ফাইটনসাইড' (Phytoncides) নামক এক ধরণের জৈব যৌগ ত্যাগ করে।এছাড়া-
রোগ প্রতিরোধ ক্ষমতা: জাপানের নিপ্পন মেডিকেল স্কুলের গবেষণায় দেখা গেছে, যারা মাসে অন্তত দুই দিন বনের পরিবেশে কাটান, তাদের রক্তে ক্যানসার ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা 'এনকে সেল' (Natural Killer Cells) এর সক্রিয়তা প্রায় ৫০% বেড়ে যায়।
মানসিক স্বস্তি: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে যে, প্রকৃতির মাঝে ৯০ মিনিট হাঁটলে মস্তিষ্কের সেই অংশটি শান্ত হয় যা আমাদের দুশ্চিন্তা ও হতাশার জন্য দায়ী। এটি স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা ১২.৪% কমিয়ে আনে।
রক্তচাপ নিয়ন্ত্রণ: বনের শান্ত পরিবেশে মাত্র ২০ মিনিট কাটালে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়।
বাংলাদেশের মানুষের জন্য এটি কেন জরুরি?
আমাদের দেশের প্রেক্ষাপটে, বিশেষ করে যারা ঢাকা বা চট্টগ্রামের মতো জনবহুল শহরে বাস করেন, তাদের জন্য ফরেস্ট বাথিং হতে পারে সবচেয়ে সাশ্রয়ী চিকিৎসা।
১. বায়ুদূষণ থেকে সুরক্ষা: বায়ুদূষণে ঢাকা প্রায়ই শীর্ষে থাকে। সপ্তাহে একদিন ভাওয়াল ন্যাশনাল পার্ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রমনা পার্কের মতো ঘন গাছপালা ঘেরা এলাকায় গিয়ে গভীর শ্বাস নেওয়া আমাদের ফুসফুসকে পুনরুজ্জীবিত করে।
২. ডিজিটাল ডিটক্স: বাংলাদেশের তরুণ সমাজ এখন স্ক্রিন অ্যাডিকশনে ভুগছে। ফরেস্ট বাথিং-এর প্রধান শর্ত হলো ফোন বন্ধ রাখা। এটি আমাদের মস্তিষ্ককে বিশ্রাম দেয় এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে।
৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: বাংলাদেশের বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগীর জন্য শান্ত পরিবেশে প্রকৃতির সাথে হাঁটা ওষুধের মতো কাজ করে। এটি ইনসুলিন সেনসিটিভিটি বাড়াতে সাহায্য করে।
যেভাবে করবেন ফরেস্ট বাথিং
১. বনের শব্দ শোনা (অডিটরি): ধরুন, আপনি শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে গিয়েছেন। সেখানে কোনো কথা না বলে চোখ বন্ধ করে ঝিঁঝিঁ পোকার ডাক বা বাতাসের ঝাপটায় গাছের পাতার শব্দ শুনুন। এটি আপনার মস্তিষ্ককে গভীর ধ্যানের স্তরে নিয়ে যাবে।
২. সবুজ দৃশ্য দেখা (ভিজ্যুয়াল): শালবন বা কোনো ঘন বাগানে গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলোর দিকে তাকান (জাপানিরা একে বলে 'কোমোরেবি')। এই নরম আলো ও সবুজের সমারোহ চোখের স্নায়ুকে আরাম দেয়।
৩. স্পর্শের অনুভূতি (ট্যাকটাইল): একটি পুরনো গাছের খসখসে বাকল হাত দিয়ে অনুভব করুন অথবা ভোরের শিশিরভেজা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটুন। মাটির সাথে এই সংযোগ আপনার শরীরের বৈদ্যুতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
শেষ কথা
আমাদের দেশে জিম বা থেরাপি নেওয়া সবার সাধ্যের মধ্যে নেই। কিন্তু প্রকৃতি সবার জন্য উন্মুক্ত। বড় কোনো বনে যেতে না পারলেও বাড়ির পাশের আমবাগান বা ছায়াঘেরা পুকুর পাড়েই শুরু হতে পারে আপনার ফরেস্ট বাথিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানসিক চাপ এখন আধুনিক বিশ্বের অন্যতম বড় স্বাস্থ্য ঝুঁকি। তাই সুস্থ থাকতে হলে আমাদের কৃত্রিম জগত থেকে বেরিয়ে শেকড়ের কাছে তথা প্রকৃতির কাছে ফিরতেই হবে।