বাড়িতে নিজে প্রেশার মাপার সময় সতর্ক থাকুন

নিয়মিত রক্তচাপ বা প্রেশার মাপা এখন শুধু রোগীদের জন্য নয়, বরং সুস্থ থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। তবে অনেক সময় পদ্ধতির ভুলে “রিডিং” সঠিক আসে না। ফলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তাতে চিকিৎসাও ভুল পথে পরিচালিত হতে পারে। ফলে সতর্ক থাকা দরকার।

ব্লাড সুগার হোক বা ব্লাড প্রেশার, অথবা অক্সিজেনের পরিমাণ মাপা—প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নানা ধরনের ডিভাইস এখন সবার ঘরে ঘরে। চিকিৎসকের কাছে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ঘন ঘন প্রেশার বা সুগার মাপার প্রয়োজন পড়ে না আর। নিজে নিজেই এসব পরীক্ষা করা সম্ভব তবে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া দরকার।

কয়েকটি সহজ ধাপ ঠিকভাবে মেনে চললেই একেবারে নির্ভুলভাবে বাড়িতেই নিজে নিজেই রক্তচাপ মাপা সম্ভব।

১. সবচেয়ে আগে প্রস্তুতি। রক্তচাপ মাপার অন্তত ৩০ মিনিট আগে থেকে চা, কফি, ধূমপান বা ব্যায়াম এড়িয়ে চলা উচিত। এগুলআ সাময়িকভাবে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

২. প্রেশার মাপার আগে প্রশ্রাব করা জরুরি। মূত্রাশয় ভর্তি থাকলে সেটি রিডিংয়ে প্রভাব ফেলতে পারে।

৩. চেয়ারে সোজা হয়ে বসে পা সঠিকভাবে রাখতে হবে। পায়ের উপর পা তুলে বা পায়ের পাতা ক্রস করে বসলে ভুল রিডিং আসতে পারে। পা আলাদা রেখে পায়ের পাতা মেঝেতে রাখতে হবে। অন্তত পাঁচ মিনিট চুপচাপ বসে শরীরকে স্বাভাবিক অবস্থায় আনুন।

৪. হাতের অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। যে হাতে মাপবেন, সেটি টেবিলের উপর এমনভাবে রাখুন, যাতে হাতের মাঝামাঝি অংশ হার্টের সমান্তরালে থাকে।

৫. কনুইয়ের উপরের অংশে প্রেশার মাপার ব্যান্ডটি বেঁধে নিন। খেয়াল রাখবেন, সেই অংশ যেন উন্মুক্ত থাকে। জামার হাতা থাকলে সেটি গুটিয়ে নিতে হবে।