জার্মানিতে উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা থাকা বাধ্যতামূলক। তবে সব শিক্ষার্থীকে দেশটির সরকারি বা স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা ব্যবস্থায় যুক্ত হতে হয় না।
জার্মানির স্বাস্থ্যবিমা বিধিমালা অনুযায়ী, অন্য কোনো উৎস থেকে স্বীকৃত ও সমমানের স্বাস্থ্যবিমা সুবিধা থাকলে শিক্ষার্থীরা সরকারি ব্যবস্থা থেকে অব্যাহতির আবেদন করতে পারেন।
কারা পাবেন এই অব্যাহতি?
জার্মানির বিধিমালা অনুযায়ী, মূলত তিন ধরনের শিক্ষার্থী এই অব্যাহতির জন্য আবেদন করার জন্য যোগ্য হতে পারেন:
ইইউ ও যুক্তরাজ্যের শিক্ষার্থী: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্যদেশ এবং যুক্তরাজ্যের শিক্ষার্থীদের কাছে বৈধ ইউরোপিয়ান হেলথ ইনস্যুরেন্স কার্ড অথবা গ্লোবাল হেলথ ইনস্যুরেন্স কার্ড থাকলে, তারা নিজ দেশের স্বাস্থ্যবিমা ব্যবহার করেই জার্মানিতে পড়াশোনা করতে পারবেন।
দ্বিপক্ষীয় সামাজিক নিরাপত্তা চুক্তিভুক্ত দেশ: যেসব দেশের সঙ্গে জার্মানির সামাজিক নিরাপত্তা চুক্তি রয়েছে, সেসব দেশের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, ইসরায়েল, মরক্কো, উত্তর মেসিডোনিয়া, মন্টেনেগ্রো, সার্বিয়া, তিউনিসিয়া ও তুরস্ক।
অনুমোদিত প্রাইভেট স্বাস্থ্য বিমাধারী: যেসব শিক্ষার্থীর এমন বেসরকারি (প্রাইভেট) স্বাস্থ্যবিমা রয়েছে, যা জার্মানির নির্ধারিত মান পূরণ করে, তারাও স্ট্যাটুটরি স্বাস্থ্যবিমা থেকে অব্যাহতি পেতে পারেন
প্রাইভেট স্বাস্থ্যবিমার ক্ষেত্রে বাধ্যতামূলক শর্তসমূহ
কোনো শিক্ষার্থী সরকারি বিমার পরিবর্তে প্রাইভেট স্বাস্থ্যবিমা ব্যবহার করতে চাইলে তাকে অবশ্যই নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
বিমার সুযোগ-সুবিধা জার্মানির সরকারি স্বাস্থ্যবিমা-ব্যবস্থার সমমানের হতে হবে, বিমাটি অবশ্যই সীমাহীন কভারেজযুক্ত হতে হবে এবং জার্মানির মানদণ্ড অনুযায়ী, অনুমোদিত এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন থেকেই এটি কার্যকর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
অব্যাহতি পেতে শিক্ষার্থীকে প্রথমে তার প্রাইভেট বিমাপ্রতিষ্ঠান থেকে একটি লিখিত নিশ্চয়নপত্র সংগ্রহ করতে হবে। এরপর সেটি জার্মানির যেকোনো একটি সরকারি (স্ট্যাটুটরি) স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। তথ্য যাচাই শেষে যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একটি অব্যাহতির সনদ প্রদান করবে, যা বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া যাবে।



