ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর পাড়ি জমান বিশ্বের নানা দেশের শিক্ষার্থীরা। পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী নিজেদের দৈনন্দিন খরচের একটি অংশও সামলাতে পারেন। তবে কাজের অনুমতি, কর্মঘণ্টা ও মজুরি একেক দেশে একেক রকম।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাই বিশ্ববিদ্যালয় ও পড়াশোনার মানের পাশাপাশি কাজের সুযোগ এবং সম্ভাব্য আয়ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে। ইউরোপের কয়েকটি দেশে শিক্ষার্থীদের কাজের সুযোগ তুলনামূলক ভালো। এমন ১০টি দেশ হলো –
আয়ারল্যান্ড
শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা এবং ছুটির সময়ে সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৩.৫০ ইউরো (প্রায় ১,৯০৪ টাকা)। মাসে গড় আয় প্রায় ১,১৭০ ইউরো (প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা)।
আইসল্যান্ড
আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ২২.৫ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি আয় ১৬ থেকে ১৮ ইউরো (প্রায় ২,৫৩৯ টাকা)। মাসে গড়ে প্রায় ১,৬০৬ ইউরো আয় করা সম্ভব (প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা)।
নরওয়ে
সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৬.৮৬ ইউরো (প্রায় ২,৩৭৭ টাকা)। মাসে আয় হতে পারে প্রায় ১,৪৯০ ইউরো (প্রায় ২ লাখ ১০ হাজার টাকা)।
ডেনমার্ক
শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১৪.৭৪ ইউরো (প্রায় ২,০৭৮ টাকা) বা ১১০ ড্যানিশ ক্রোনা। মাসে গড় আয় প্রায় ৮,৫০০ ক্রোনা বা ১,১৩৮ ইউরো (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা)।
সুইডেন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সাপ্তাহিক কর্মঘণ্টার সীমা নেই, তবে বেশির ভাগ শিক্ষার্থী সপ্তাহে প্রায় ২০ ঘণ্টা কাজ করেন। মাসিক গড় আয় প্রায় ১২,৫০৩ সুইডিশ ক্রোনা বা ১,১১৩ ইউরো (প্রায় ১ লাখ ৫৬ হাজার টাকা)।
যুক্তরাজ্য
অধিকাংশ শিক্ষার্থী সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২.২১ পাউন্ড (প্রায় ২,০০০টাকা) বা ১৪.৯ ইউরো। মাসে আয় প্রায় ৯৭৭ পাউন্ড (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা) বা ১,১২৭ ইউরো (প্রায় ১ লাখ ৫৯ হাজার টাকা) হতে পারে।
স্পেন
স্পেনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ৩০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ৯.২৬ ইউরো (প্রায় ১,৩০৬ টাকা)। মাসে গড় আয় প্রায় ১,১১১ ইউরো (প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা)।
জার্মানি
ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় আয় প্রায় ১২.৮২ ইউরো (প্রায় ১,৮০৮ টাকা)। এতে মাসে প্রায় ১,১১১ ইউরো আয় হতে পারে (প্রায় ১ লাখ ৫৭ হাজার টাকা)।
লুক্সেমবার্গ
শিক্ষার্থীরা সপ্তাহে সর্বোচ্চ ১৫ ঘণ্টা কাজ করতে পারেন। কর্মঘণ্টার সীমা তুলনামূলক কম হলেও ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১৮ ইউরো (প্রায় ২,৫৩৯ টাকা)। মাসিক গড় আয় প্রায় ১,০৮০ ইউরো (প্রায় ১ লাখ ৫২ হাজার টাকা)।
বেলজিয়াম
বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষ চলাকালে সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করতে পারেন। ঘণ্টাপ্রতি গড় মজুরি প্রায় ১২.৮২ ইউরো (প্রায় ১,৮০৮ টাকা)। মাসিক আয় প্রায় ১,০৫৩ ইউরো (প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা) হতে পারে।



