ঈদ মানেই আনন্দ, আর ঈদের আনন্দ পূর্ণতা পায় জমকালো সাজগোজের মাধ্যমে। তবে এবার ঈদের সময় আবহাওয়া বেশ উত্তপ্ত থাকার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে ঘাম আর তেল চিটচিটে ভাবের কারণে মেকআপ গলে যাওয়া বা নষ্ট হওয়া খুব স্বাভাবিক একটি সমস্যা। এই ঈদে উৎসবের আমেজ ধরে রাখতে এবং গরমে মেকআপ সম্পর্কিত ঝামেলা এড়াতে করতে পারেন ‘মিনিমাল বিউটি ট্রেন্ড’ নামে পরিচিত নো মেকআপ লুক বা হালকা মেকআপ। কিছু সহজ পদ্ধতি মেনে চললে সারাদিনের ঘোরাঘুরিতেও আপনার মেকআপ থাকবে একদম নিখুঁত ও সতেজ।
মেকআপের আগে ত্বকের প্রস্তুতি
যেকোনো মেকআপ দীর্ঘস্থায়ী করার মূল চাবিকাঠি হলো ত্বককে সঠিকভাবে প্রস্তুত করা। মেকআপের শুরুতে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নেওয়া জরুরি। যেমন-
শুষ্ক ত্বকের যত্ন: যাদের ত্বক শুষ্ক, তারা সকালে মেকআপের আগে হালকা কুসুম গরম পানিতে ছোট তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে পারেন। অথবা যেকোনো হাইড্রেটিং টোনার ব্যবহার করে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করা সম্ভব।
তৈলাক্ত বা মিশ্র ত্বক: এই ধরনের ত্বকের জন্য মেকআপের আগে একটি ভালো ক্লিনজার ব্যবহার করা উচিত, যা অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করবে।
জেলভিত্তিক ময়েশ্চারাইজার: ত্বক পরিষ্কারের পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। গরমে সবচেয়ে কার্যকরী হলো জেল ময়েশ্চারাইজার। এটি দ্রুত ত্বকের গভীরে শোষিত হয় এবং মেকআপকে সুন্দরভাবে বসতে সাহায্য করে।
নিখুঁত বেজ তৈরি
রমের দিনে ভারী মেকআপের চেয়ে হালকা ও ম্যাট ফিনিশিং বেশি আরামদায়ক। এজন্য যা করতে হবে-
প্রাইমার ও ফাউন্ডেশন: মেকআপ দীর্ঘ সময় ধরে রাখতে বেজ মেকআপের আগে ম্যাট প্রাইমার ব্যবহার করা আবশ্যক। এরপর ব্যবহার করুন হালকা ফর্মুলার ম্যাট বা পাউডার ফাউন্ডেশন। পারফেক্ট লুকের জন্য নিজের ত্বকের চেয়ে এক শেড উজ্জ্বল ফাউন্ডেশন বেছে নিন। তবে যারা ভারী মেকআপ এড়াতে চান, তারা ফাউন্ডেশনের বদলে টিন্টেড ময়েশ্চারাইজার বেছে নিতে পারেন।
কনসিলার: পুরো মুখে কনসিলার লাগানোর কোনো প্রয়োজন নেই। ত্বকে হাইপারপিগমেন্টেশন বা কোনো দাগছোপ থাকলে কেবল সেই নির্দিষ্ট অংশটুকুর ওপর কনসিলার ব্যবহার করে হালকা ব্লেন্ড করে নিন।
চোখ ও ঠোঁটের ট্রেন্ডি সাজ
গরমের মেকআপে চোখের সাজ হওয়া চাই ওয়াটারপ্রুফ এবং ঠোঁটের সাজ হওয়া চাই দীর্ঘস্থায়ী।
চোখের সাজ: গরমে চোখের মেকআপ ছড়িয়ে পড়া আটকাতে অবশ্যই স্মাজপ্রুফ কাজল বা আইলাইনার এবং ওয়াটারপ্রুফ আইশ্যাডো ব্যবহার করুন। ব্লাশঅনের রঙের সাথে মিলিয়ে মভ, পিচ, ডাস্টি পিংক বা হালকা বাদামি শেডের আইশ্যাডো এখন বেশ চলছে। তবে আপনি যদি ঈদে একটু অন্যরকম বা ‘ফাংকি’ভাইব আনতে চান, তবে বর্তমান ট্রেন্ড মেনে ডাস্টি ব্লু আইশ্যাডো ট্রাই করে দেখতে পারেন।
এছাড়া ঈদের দিন চোখ সাজানো যায় ‘ঘোস্ট ল্যাশ’ স্টাইলে। চোখের ওপরে ভেতরের রেখায় হালকা উজ্জ্বল রংয়ের আইলাইনার ব্যবহার করলে, চোখে কোমল গভীরতা আসে। তবে সেটা ভারী দেখায় না।পাশাপাশি পাপড়ির গোড়ায় হালকা মাসকারার ছায়া ব্যবহার করলে একেবারেই স্বাভাবিক দেখায়। স্বচ্ছ বা বাদামি রঙের হালকা মাসকারাও ব্যবহার করা যেতে পারে। এতে চোখের পাপড়ি কিছুটা গোছানো দেখায়, তবে অতিরিক্ত নাটকীয় লাগে না।
লিপস্টিক: গরমের জন্য সবচেয়ে উপযোগী হলো ম্যাট লিপস্টিক, কারণ এটি সহজে গলে যায় না এবং দীর্ঘ সময় ঠোঁটে থাকে। এছাড়া চাইলে লিপ টিন্ট বা টিন্টেড লিপবামও ব্যবহার করতে পারেন। তবে লিপস্টিক বা টিন্ট যা-ই লাগান না কেন, তার আগে ঠোঁট ভালো কোনো বাম দিয়ে ময়েশ্চারাইজ করে নিতে ভুলবেন না।
মেকআপ শেষ করার পর পুরো সাজটিকে লক করতে একটি ভালো মানের ম্যাট সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি তীব্র গরমেও ঘামের কারণে মেকআপ গলে যাওয়া রোধ করবে।