বিরক্তিকর তেলাপোকা তাড়াতে বাজারে অনেক ধরনের রাসায়নিক স্প্রে বা চক পাওয়া যায়। তবে সেগুলোতে থাকা ক্ষতিকর বিষাক্ত উপাদান শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে। বিশেষ করে বাড়িতে ছোট শিশু থাকলে রাসায়নিক বিষ ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক।
তবে কোনো বিষাক্ত রাসায়নিক ছাড়াই রান্নাঘরের কিছু সাধারণ উপাদান দিয়ে তেলাপোকা চিরতরে তাড়ানো সম্ভব। কিভাবে ঘরোয়া উপায়ে ঘর তেলাপোকামুক্ত করবেন, জেনে নিন।
তেলাপোকা তাড়ানোর জন্য তাদের জীবনচক্র এবং কোন কোন গন্ধ তারা সহ্য করতে পারে না, তা জানা জরুরি। কিছু নির্দিষ্ট সুগন্ধ এবং প্রাকৃতিক মিশ্রণ তেলাপোকার স্নায়ুতন্ত্রকে বিকল করে দেয়, যার ফলে তারা সেই জায়গা ছেড়ে পালাতে বাধ্য হয়।
১. তেজপাতা ও লবঙ্গ
রান্নার মসলা তেজপাতা ও লবঙ্গ তেলাপোকা তাড়াতে জাদুর মতো কাজ করে। তেলাপোকা তেজপাতার তীব্র ঝাঁঝালো গন্ধ একদম সহ্য করতে পারে না। কয়েকটি শুকনো তেজপাতা হাত দিয়ে গুঁড়ো করে রান্নাঘরের কোণে, সিংকের নিচে এবং আলমারির র্যাকে ছড়িয়ে দিন। তেজপাতার গন্ধে তেলাপোকা ওই চত্বরে আসবে না। একইভাবে, তেলাপোকা যেখানে বেশি ঘোরে সেখানে ৪-৫টি লবঙ্গ রেখে দিলে এর কড়া গন্ধে তারা ঘর ছেড়ে পালায়।
২. বেকিং সোডা ও চিনি
এটি তেলাপোকা মারার একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ প্রাকৃতিক ফাঁদ। সমপরিমাণ বেকিং সোডা এবং চিনি একসঙ্গে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘরের কোণে বা তেলাপোকার আস্তানার চারপাশে ছড়িয়ে দিন। চিনির মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে তেলাপোকা এটি খেতে আসবে। বেকিং সোডা তেলাপোকার পেটে প্রবেশ করার পর তার পরিপাকতন্ত্রকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দেয়, যার ফলে তেলাপোকা মারা যায়।
৩. বোরিক পাউডার ও আটা
বোরিক পাউডার যেকোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। এটি মানুষের জন্য বিষাক্ত না হলেও তেলাপোকার জন্য মারাত্মক। সমপরিমাণ আটা বা ময়দা, সামান্য চিনি এবং বোরিক পাউডার পানি দিয়ে মেখে ছোট ছোট লাড্ডু তৈরি করুন। লাড্ডুগুলো ফ্রিজের নিচে, ওভেনের পাশে বা ড্রেনের মুখে রেখে দিন। বোরিক পাউডারের সংস্পর্শে এলেই তেলাপোকা চিরতরে বিদায় নেবে।
৪. পিপারমিন্ট অয়েল বা পুদিনা তেল
পিপারমিন্ট অয়েল বা পুদিনা পাতার তেল পোকামাকড় তাড়াতে কার্যকর। স্প্রে বোতলে এক কাপ পানি নিয়ে তাতে ১০-১৫ ফোঁটা পিপারমিন্ট অয়েল ভালো করে মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে রান্নাঘর ও বাথরুমের চারপাশে স্প্রে করুন। এর তীব্র রিফ্রেশিং সুগন্ধ ঘরকে সুবাসিত করবে, আর তেলাপোকাদের তাড়াতে সাহায্য করবে।
৫. লেবুর রস ও গরম পানি
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড তেলাপোকা প্রতিরোধে সাহায্য করে। এক বালতি হালকা গরম পানিতে ২টি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এই পানি দিয়ে প্রতিদিন ঘর ও রান্নাঘরের মেঝে ভালো করে মুছুন। লেবুর গন্ধ যেখানে থাকে, তেলাপোকা সেখানে বংশবৃদ্ধি করতে পারে না।
তেলাপোকার হাত থেকে বাাঁচার কিছু সহজ উপায়
খাবার খোলা রাখবেন না: রাতের খাবার কখনও ডাইনিং টেবিলে খোলা রাখবেন না। ধোঁয়া বা গন্ধ তেলাপোকাকে আকর্ষণ করে।
শুকনো রাখুন: রান্নাঘরের সিংক বা বাথরুমের মেঝে সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। পানি না পেলে তেলাপোকা বেশিদিন বাঁচতে পারে না।
আবর্জনা পরিষ্কার: প্রতিদিনের ময়লা প্রতিদিন রাতে ঘরের বাইরে ফেলে দিন এবং ঢাকনাযুক্ত ডাস্টবিন ব্যবহার করুন।