বিয়ে না করলে বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকি

অবিবাহিত ও বা ব্যাচেলরদের শরীরে ক্যানসারের ঝুঁকি বেশি বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এমন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের এক বৃহৎ গবেষণায়। 

এপ্রিল মাসে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত গবেষণা প্রতিষ্ঠান ‘ক্যান্সার রিসার্চ কমিউনিকেশনস’ ও জার্নাল ‘ই-ক্যান্সার’ ওয়েবে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

গবেষণার রিপোর্ট বলছে, অবিবাহিত প্রাপ্তবয়স্কদের ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। 

৪০ লক্ষেরও বেশি মানুষের উপর করা যুক্তরাষ্ট্রের এই বৃহৎ গবেষণা নিয়ে পক্ষে-বিপক্ষে নানান আলোচনা-বিশ্লেষণ হচ্ছে বিশ্বজুড়ে। 

তবে, রিপোর্ট বলছে, এই বর্ধিত ঝুঁকি প্রায় সব ধরনের প্রধান ক্যান্সারের ক্ষেত্রেই প্রযোজ্য এবং এটি প্রতিরোধযোগ্য ক্যান্সারগুলোর ক্ষেত্রে বিশেষভাবে প্রকট। 

গবেষণার প্রধান সহ-লেখক ড. পাওলো পিনহেইরো জানান, জনসংখ্যাভিত্তিক পর্যায়ে ক্যান্সারের ঝুঁকি বোঝার ক্ষেত্রে বৈবাহিক অবস্থা একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। 

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে সরাসরি বিয়ে নয়, বরং জীবনযাপনের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ইউনিভার্সিটি অফ মায়ামি মিলার স্কুল অফ মেডিসিনের অংশ, সিলভেস্টার কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টারের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি ‘ক্যান্সার রিসার্চ কমিউনিকেশনস’ এর ওয়েবসাইটে বিস্তারিত প্রকাশ করা রয়েছে। 

এদিকে, নিউইয়র্কের অনকোলজিস্ট ড. নিকোলাস হর্নস্টাইন স্পষ্টভাবে বলেছেন, বিয়ে না করলেই ক্যান্সার হবে-এমন কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। 

তার মতে, ক্যান্সার একটি জটিল রোগ এবং এটি শুধুমাত্র বৈবাহিক অবস্থার ওপর নির্ভর করে না। শক্তিশালী সামাজিক সম্পর্ক ও স্বাস্থ্যকর জীবনযাপনই আসল বিষয়।