ত্বকের লাবণ্য ধরে রাখতে সকালেই করবেন যেসব কাজ!

ত্বক লাবণ্যময় রাখতে প্রয়োজন বিশেষ যত্নের। সকালবেলা এরজন্য আদর্শ সময়। লাবণ্য ধরে রাখতে এ সময় বেশ কয়েকটি উপায়ে যত্ন নিলে সারাদিন মোটামুটি চিন্তামুক্ত থাকা যায়।

চলুন জেনে নেওয়া যাক এরকম কয়েকটি উপায়।


মুখ ধুয়ে নিন

রাতে ঘুমের সময় সারা রাত ধরে মুখে তেলময়লা জমতে থাকে। সকালে উঠে কোমল ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন, তারপর ফেস সিরাম বা হালকা ময়েশ্চারাইজার মেখে নিন। সারাদিন তরতাজা লাগবে।

লেবু পানি

শরীর ভিতর থেকে পরিষ্কার রোগমুক্ত রাখতে বিকল্প নেই লেবুর পানির। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারলে আপনার যকৃত ধন্যবাদ দেবে আপনাকে। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডান্ট আর ভিটামিন সি থাকে যা আপনার ত্বকে বাড়তি জৌলুস এনে দেবে।

হালকা ব্যায়াম করুন

আপনার ব্যায়ামের অভ্যাস থাকলে ভালো, না থাকলেও ঘাবড়ানোর কিছু নেই! মোটেই ট্র্যাকস্যুট পরে মাঠে নামতে হবে না! সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বাগানে বা বাড়ির ছাদে মিনিট দশেক জোরকদমে হাঁটলেও চলবে। সকালে ব্যায়াম করলে আপনার শরীর সারাদিন চাঙ্গা থাকে, তা ছাড়া ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। স্বাভাবিকভাবেই ত্বকের লাবণ্যও বাড়ে।


ময়েশ্চারাইজারটা ভালো হতেই হবে
যে ময়েশ্চারাইজারটা রোজ মাখছেন সেটি আপনার ত্বকের উপযোগী কিনা সেটা আগে জানা দরকার। ময়েশ্চারাইজার মাখার পরে ত্বকে টান না ধরলে বা ত্বক তেলতেলে না লাগলে বুঝতে হবে ময়েশ্চারাইজার ঠিক আছে। ময়েশ্চারাইজারে এসপিএফ থাকলে তা আপনাকে রোদ থেকেও সুরক্ষা দেবে।


ডায়েটে রাখুন ফল আর সবজি

শাকসবজি আর ফল যে ত্বক ভালো রাখে, সে জানা কথা। তাই প্রতিদিন সকালের প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্টে যে কোনও ফল বা সবজি রাখার চেষ্টা করুন। গোটা ফল বা ফলের রস খেতে পারেন বা শাকসবজি পিষে গ্রিন স্মুদি বা জুস বানিয়ে খেতে পারেন। সকালে এরকম একটি পানীয় আপনার সিস্টেমকে ভিতর থেকে পরিষ্কার রাখবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে আর ত্বক হয়ে উঠবে লাবণ্যময়।