যাদের বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, তাদের দিনের বড় একটি অংশ কাটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘেঁটে। টিউশন ফি, স্কলারশিপ, ভর্তির যোগ্যতা, আইইএলটিএস বাধ্যতামূলক কি না-এসব তথ্যই থাকে তাদের অনুসন্ধানের কেন্দ্রবিন্দু।
সময়ের সঙ্গে বদলাচ্ছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতিও। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক প্রতিষ্ঠান এখন আইইএলটিএসের বিকল্প হিসেবে মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ, নিজস্ব ইংরেজি ভাষা মূল্যায়ন বা অনলাইন সাক্ষাৎকার গ্রহণ করছে। ফলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে আইইএলটিএস ছাড়াও বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে।
২০২৬ সালে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এ ধরনের বিকল্প পদ্ধতিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করছে।
জার্মানি
উন্নত শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ এবং তুলনামূলক কম খরচের কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য জার্মানি। দেশটির বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের নির্দিষ্ট প্রোগ্রামে আইইএলটিএসের পরিবর্তে এমওআই সনদ গ্রহণ করা হয়।
ইউনিভার্সিটি অব সিগেন, ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন এবং আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রোগ্রাম এই সুযোগ দেয় বিদেশি শিক্ষার্থীদের।
ফ্রান্স
ফ্রান্সের কয়েকটি বিজনেস স্কুল পূর্ববর্তী ইংরেজি মাধ্যমের শিক্ষার প্রমাণ (MOI) অথবা সাক্ষাৎকারের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে। এর মধ্যে রয়েছে নিওমা বিজনেস স্কুল, কেজ বিজনেস স্কুল এবং প্যারিস স্কুল অব বিজনে-এর কিছু প্রোগ্রাম।
নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের হ্যান ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, স্যাক্সিয়ন ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের কিছু প্রোগ্রামে এমওআই বা সমমানের বিকল্প সনদ গ্রহণ করা হয়।
কানাডা
কানাডার কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই আবেদন করা সম্ভব। অনেক প্রতিষ্ঠান পাথওয়ে প্রোগ্রাম বা ভাষা প্রস্তুতিমূলক (ল্যাঙ্গুয়েজ ব্রিজ) কোর্সের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মূল ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার সুযোগ দেয়।
এছাড়া যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট শর্তে আইইএলটিএস ছাড়াই আবেদন গ্রহণ করে। একই ধরনের সুযোগ রয়েছে আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার কিছু বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাথওয়ে প্রোগ্রামেও।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
* শিক্ষাপ্রতিষ্ঠানের দেওয়া মিডিয়াম অব ইনস্ট্রাকশন (এমওআই) সনদ
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* স্টেটমেন্ট অব পারপাস
* সুপারিশপত্র
* বৈধ পাসপোর্ট
* বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের আগে অবশ্যই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কোর্সে আইইএলটিএস ছাড়ের সুযোগ রয়েছে কিনা, তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা ভর্তি দপ্তর থেকে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।
পাশাপাশি মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ পাওয়া মানেই ভিসা নিশ্চিত নয়। অনেক দেশের ভিসা কর্তৃপক্ষ আবেদনকারীর ইংরেজি ভাষার দক্ষতা এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি আলাদাভাবে মূল্যায়ন করে। তাই আবেদনপত্রের সব তথ্য নির্ভুল হওয়া জরুরি। বিশেষ করে স্টেটমেন্ট অব পারপাস-এ ইংরেজি মাধ্যমে পড়াশোনার অভিজ্ঞতা, উচ্চশিক্ষার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্টভাবে তুলে ধরা উচিত।