স্নাতক শেষ করেই বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন, নাকি আগে কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতা? উচ্চশিক্ষার স্বপ্নদর্শীদের জন্য এটি বেশ পুরোনো দ্বিধা। একদল মনে করেন পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখাই বুদ্ধিমানের কাজ, অন্য দলের বাজি পেশাগত অভিজ্ঞতা সমৃদ্ধ সিভির ওপর।
তবে প্রশ্ন হলো, চাকরির অভিজ্ঞতা থাকলেই কি বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ নিশ্চিত হয়? নাকি মূল অগ্রাধিকার একাডেমিক ফল ও গবেষণার যোগ্যতায়? বিশেষজ্ঞরা বলছেন, এর উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। আবেদনকারী কোন বিষয়ে, কোন ডিগ্রিতে এবং কী ধরনের প্রোগ্রামে আবেদন করছেন - তার ওপরই নির্ভর করে অভিজ্ঞতার গুরুত্ব।
বিষয়ের প্রাসঙ্গিকতা ও পেশাভিত্তিক প্রোগ্রাম
চাকরির অভিজ্ঞতার সুবিধা সবচেয়ে বেশি পাওয়া যায়, যখন কর্মক্ষেত্রের সঙ্গে উচ্চশিক্ষার বিষয়ের সরাসরি যোগ থাকে। যেমন - সাংবাদিকতায় কাজের অভিজ্ঞতা নিয়ে গণযোগাযোগ বা মিডিয়া স্টাডিজে আবেদন করলে তা সিভিকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
বিশেষ করে এমবিএ, পাবলিক পলিসি, ডেভেলপমেন্ট স্টাডিজ, জনস্বাস্থ্য বা শিক্ষার মতো পেশাভিত্তিক প্রোগ্রামগুলোতে বাস্তব কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়। তবে প্রাসঙ্গিকতা না থাকলে শুধু ‘কয়েক বছর চাকরি করেছি’ - এই তথ্য আবেদনে খুব একটা বাড়তি সুবিধা যোগ করে না।
স্টেটমেন্ট অব পারপাস
চাকরির ইতিবৃত্ত দেখানোর সঠিক জায়গা সিভি, এসওপি নয়। ‘স্টেটমেন্ট অব পারপাসে’ মূল গুরুত্ব পাওয়া উচিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত শিক্ষা। কাজ করতে গিয়ে কোন নতুন দক্ষতার প্রয়োজন অনুভব করেছেন, কোন সমস্যাগুলো আপনাকে গবেষণায় উৎসাহিত করেছে কিংবা এই অভিজ্ঞতা কীভাবে আপনাকে নির্দিষ্ট প্রোগ্রামের যোগ্য করে তুলেছে - তা পরিষ্কারভাবে ফুটিয়ে তোলাই আসল কৌশল।
সময়সীমা নাকি কাজের মান?
অনেকেই মনে করেন চাকরির বয়স যত বেশি, আবেদন তত শক্তিশালী। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। পাঁচ বছরের সাধারণ দায়িত্ব পালনের চেয়ে এক বা দুই বছরের নিবিড়, নির্দিষ্ট প্রজেক্টভিত্তিক বা গবেষণা-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অনেক বেশি গ্রহণযোগ্য। তাই পদের মেয়াদের চেয়ে কাজের ধরন ও অর্জিত দক্ষতাই এখানে প্রধান অনুঘটক।
গবেষণাভিত্তিক ডিগ্রি ও স্টাডি গ্যাপ
পিএইচডি বা গবেষণাভিত্তিক মাস্টার্সের ক্ষেত্রে চাকরির অভিজ্ঞতার চেয়ে গবেষণার প্রস্তুতি, আগ্রহ এবং প্রস্তাবিত বিষয়ের গুরুত্ব বেশি। অবশ্য কোনো গবেষণা সংস্থা, এনজিও বা সংবাদমাধ্যমের অভিজ্ঞতা যদি প্রস্তাবিত গবেষণার প্রশ্নের ভিত্তি তৈরি করে, তবে তা বাড়তি যোগযোগ হিসেবে কাজ করে।
অন্যদিকে, স্নাতক শেষের কয়েক বছর পর আবেদন করলেও চিন্তার কিছু নেই। এই বিরতিতে কী কাজ করেছেন এবং কেন আবার একাডেমিক জীবনে ফিরতে চান - তা যুক্তিযুক্তভাবে ব্যাখ্যা করতে পারলে 'স্টাডি গ্যাপ' কোনো বাধা হয়ে দাঁড়ায় না।
রিকমেন্ডেশন লেটার নির্বাচনে সতর্কতা
কর্মজীবনের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ কিছুটা শিথিল হয়ে যেতে পারে। তবে একাডেমিক বা গবেষণাভিত্তিক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে শিক্ষাবিদ বা গবেষকদের রিকমেন্ডেশন লেটার (LOR) দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। অপরদিকে পেশাভিত্তিক প্রোগ্রামের ক্ষেত্রে কর্মক্ষেত্রের সরাসরি সুপারভাইজারের সুপারিশপত্র বেশি কার্যকর।
সংক্ষেপে বলতে গেলে, চাকরির অভিজ্ঞতা উচ্চশিক্ষার আবেদনে একটি শক্তিশালী হাতিয়ার। তবে শুধু সিভিতে অভিজ্ঞতা যুক্ত করাই শেষ কথা নয়; পেশাগত জীবনের সাথে শিক্ষাজীবনের সেতুর যোগসূত্রটি কতটা স্পষ্টভাবে উপস্থাপন করা যাচ্ছে, তার ওপরই নির্ভর করছে আবেদনের সফলতা।



