আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানি এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার গন্তব্য। বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, গবেষণার সুযোগ এবং পড়াশোনা শেষে ক্যারিয়ার গড়ার সম্ভাবনার কারণে দেশটিতে প্রতি বছরই বাড়ছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জার্মানিকে বেছে নিচ্ছেন।
জার্মানিতে পড়াশোনার অন্যতম বড় সুবিধা হলো, শিক্ষার্থীরা বৈধভাবে খণ্ডকালীন কাজ করতে পারেন। এতে একদিকে জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ বহন করা সম্ভব হয়, অন্যদিকে বাস্তব কর্ম-অভিজ্ঞতা অর্জনের সুযোগও তৈরি হয়। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দেশটির শ্রম আইন, অভিবাসন বিধি এবং শিক্ষার্থী ভিসার শর্ত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।
জার্মানির শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয় ও বিষয়
Technical University of Munich (TUM): কম্পিউটার সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং
Ludwig Maximilian University of Munich: মেডিসিন, জীববিজ্ঞান, রসায়ন, মনোবিজ্ঞান, মানবিক, সামাজিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স
Heidelberg University: মেডিসিন, লাইফ সায়েন্স, বায়োটেকনোলজি, পাবলিক হেলথ। এই পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার শ্রেষ্ঠত্বের জন্য বিখ্যাত, বিশেষ করে মানবিক ও প্রাকৃতিক বিজ্ঞানে।
RWTH Aachen University: মেকানিক্যাল, অটোমোবাইল, সিভিল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশলবিদ্যা ও প্রযুক্তি
Karlsruhe Institute of Technology (KIT): কম্পিউটার সায়েন্স, এআই, রোবোটিক্স, ডেটা সায়েন্স
Humboldt University of Berlin: আইন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন। গবেষণার ওপর জোর দেওয়া ও ইংরেজি শেখানোর নানা কোর্সের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম শীর্ষ পছন্দের একটি দেশ।
Freie Universität Berlin: আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, মানবিক
University of Freiburg: পরিবেশবিজ্ঞান, মেডিসিন, বনবিদ্যা, ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও হিউম্যানিটিজ
University of Bonn: গণিত, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, কৃষিবিজ্ঞান
University of Tübingen: কৃত্রিম বুদ্ধিমত্তা, মেডিসিন, নিউরোসায়েন্স, মনোবিজ্ঞান
বিনামূল্যে পড়ালেখার সুযোগ
লুডভিগ মাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি (এলএমইউ মিউনিখ), হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, হামবোল্ট ইউনিভার্সিটি অব বার্লিন, আরডব্লিউটিএইচ আখেন বিশ্ববিদ্যালয়, এবারহার্ড কার্লস ইউনিভার্সিটি অব টিউবিঙ্গেন, ইউনিভার্সিটি অব ফ্রাইবুর্গ, কোলন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্যোটিঙ্গেন প্রভৃতি।
গুরুত্বপূর্ণ তথ্য: DAAD-এর তথ্য অনুযায়ী, জার্মানির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নেই। তবে প্রতি সেমিস্টারে সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হয়।
জার্মানির সেরা স্কলারশিপ সম্পর্কে জেনে নিন
DAAD (German Academic Exchange Service), Erasmus Mundus Scholarship, Deutschlandstipendium, Alexander von Humboldt Foundation Fellowship, Konrad-Adenauer-Stiftung (KAS) Scholarship, Heinrich Böll Foundation Scholarship, Friedrich Ebert Stiftung Scholarship, Rosa Luxemburg Foundation Scholarship, Bayer Foundation Fellowship, Marie Skłodowska-Curie Actions (MSCA)
এসব স্কলারশিপের আওতায় যোগ্য শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা পেতে পারেন। তবে সুবিধা ও যোগ্যতার শর্ত স্কলারশিপভেদে ভিন্ন।
স্টুডেন্ট ভিসা: আবেদন, খরচ ও প্রয়োজনীয় কাগজপত্র
জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেশটিতে পড়াশোনা শুরু করার আগে স্টুডেন্ট ভিসা নিতে হয়। জার্মানির কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত হওয়ার পরই এই ভিসার জন্য আবেদন করা যায়।
জার্মান ভিসাসংক্রান্ত তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম Germany Visa-এর তথ্য অনুযায়ী, জার্মান স্টুডেন্ট ভিসা দীর্ঘমেয়াদি ন্যাশনাল (টাইপ-ডি) ভিসা। এই ভিসা নিয়ে জার্মানিতে প্রবেশের পর স্থানীয় ফরেইনার্স অফিস থেকে স্টাডি রেসিডেন্স পারমিট নিতে হয়। রেসিডেন্স পারমিট সাধারণত এক থেকে দুই বছরের জন্য দেওয়া হয় এবং প্রয়োজন অনুযায়ী নবায়ন করা যায়।
স্টুডেন্ট ভিসার আবেদন ফি ৭৫ ইউরো (বাংলাদেশি টাকায় যা প্রায় ১০,৪৫২ টাকা)।
যারা আবেদন করতে পারবেন
জার্মান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে দেশটির কোনো বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জার্মানিতে অবস্থানকালে নিজের খরচ বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে।
বর্তমান নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ব্লকড অ্যাকাউন্টে ন্যূনতম ১১,৯০৪ ইউরো (প্রায় ১৭ লাখ টাকা) জমা থাকার প্রমাণ অথবা স্বীকৃত স্কলারশিপের নথি জমা দিতে হবে। কোর্সভেদে ইংরেজি বা জার্মান ভাষার দক্ষতার সনদও প্রয়োজন হতে পারে। ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য সাধারণত IELTS বা TOEFL গ্রহণ করা হয়। জার্মান ভাষায় পরিচালিত কোর্সের জন্য TestDaF, DSH, Goethe-Zertifikat বা telc Deutsch - এর মতো ভাষা দক্ষতার সনদ প্রয়োজন হতে পারে। কিছু মাস্টার্স প্রোগ্রামে GRE বা GMAT-এর স্কোরও চাওয়া হয়।
আবেদনের সময়
স্টাডি ইন জার্মানি’র তথ্য অনুযায়ী, জার্মানির অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বছরে দুটি সেমিস্টারে ভর্তি নেওয়া হয়।
শীতকালীন সেমিস্টার: সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর থেকে শুরু হয়। আবেদন গ্রহণ করা হয় প্রায় মে থেকে জুলাইয়ের মধ্যে।
গ্রীষ্মকালীন সেমিস্টার: সাধারণত মার্চ বা এপ্রিল থেকে শুরু হয়। আবেদন গ্রহণ করা হয় প্রায় ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে।
তবে বিশ্ববিদ্যালয় ও কোর্সভেদে আবেদন গ্রহণের সময়সীমা ভিন্ন হতে পারে। অন্যদিকে, ভিসামুক্ত দেশের শিক্ষার্থীরা ৯০ দিনের বেশি সময়ের কোর্সে অংশ নিলে রেসিডেন্স পারমিট নেওয়া বাধ্যতামূলক। ৯০ দিনের কম সময়ের স্বল্পমেয়াদি কোর্স বা কিছু এক্সচেঞ্জ প্রোগ্রামের ক্ষেত্রে শেনজেন ভিসা প্রযোজ্য হতে পারে।
বিভিন্ন ধরনের স্টাডি ভিসা
পড়াশোনার উদ্দেশ্য অনুযায়ী জার্মানিতে বিভিন্ন ধরনের স্টাডি ভিসা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য -
- পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর অধ্যয়নের ভিসা
- জার্মান ভাষা শেখার কোর্সের ভিসা
- স্টুডিয়েনকলেগ (Studienkolleg) বা প্রস্তুতিমূলক কোর্সের ভিসা
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির পূর্বপ্রস্তুতিমূলক কোর্সের ভিসা
- বাধ্যতামূলক প্রাক-ইন্টার্নশিপের ভিসা
আবেদন করবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়ার পর নিজ দেশের জার্মান দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে স্টুডেন্ট ভিসার আবেদন করতে হয়। বাংলাদেশের আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র পূরণ ও অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে জার্মান দূতাবাসে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হয়।
প্রয়োজনীয় কাগজপত্র
স্টুডেন্ট ভিসার আবেদনের সঙ্গে সাধারণত যেসব কাগজপত্র জমা দিতে হয় –
- পূরণকৃত ভিসা আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র
- একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্
- ভাষাগত দক্ষতার সনদ (প্রয়োজনে)
- জীবনবৃত্তান্ত
- মোটিভেশন লেটা
- প্রাথমিক সময়ের স্বাস্থ্য বা ভ্রমণ বীমার প্রমাণ
আর্থিক সক্ষমতার প্রমাণ
আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে আবেদনকারীরা নিচের যেকোনো একটি নথি জমা দিতে পারেন -
- ন্যূনতম ১১,৯০৪ ইউরো জমা থাকা ব্লকড অ্যাকাউন্টের প্রমাণ
- স্বীকৃত স্কলারশিপের নথি
- জার্মানিতে বসবাসকারী কোনো ব্যক্তির আনুষ্ঠানিক স্পনসরশিপ (Declaration of Commitment)
- বিশেষ ক্ষেত্রে অভিভাবকের আর্থিক সক্ষমতার গ্রহণযোগ্য প্রমাণ
কারা ভিসা ছাড়া যেতে পারবেন?
যেসব দেশের নাগরিকদের জার্মানিতে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, তাদের অবশ্যই স্টুডেন্ট ভিসা নিতে হবে। তবে অস্ট্রেলিয়া, কানাডা, ইসরায়েল, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের নাগরিক জার্মানিতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। তারা জার্মানিতে পৌঁছে স্থানীয় ফরেইনার্স অফিসে স্টাডি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করেন।
পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি
জার্মানিতে পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে পার্ট-টাইম কাজ করার সুযোগ পান। এতে একদিকে যেমন জীবনযাত্রার ব্যয়ের একটি অংশ বহন করা যায়, অন্যদিকে বাস্তব কর্ম-অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্যও নিজেকে প্রস্তুত করা সম্ভব হয়।
কত সময় কাজ করা যায়?
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা জার্মানিতে সেমিস্টার চলাকালে সাধারণভাবে সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারেন। সেমিস্টার বিরতিতে পূর্ণকালীন কাজের সুযোগ রয়েছে।
বর্তমান নিয়ম অনুযায়ী, একজন আন্তর্জাতিক শিক্ষার্থী বছরে সর্বোচ্চ ১৪০ পূর্ণ কর্মদিবস অথবা ২৮০ অর্ধ কর্মদিবস কাজ করতে পারেন। নির্ধারিত সীমা অতিক্রম করলে শিক্ষার্থী ভিসা বা আবাসন অনুমতির শর্ত লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে।
তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সাধারণত এই হিসাবের মধ্যে ধরা হয় না। এছাড়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট (HiWi), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে।
কাজ করতে যেসব নথি প্রয়োজন
জার্মানিতে বৈধভাবে কাজ করতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাধারণত যেসব নথি প্রয়োজন হয় -
- জার্মান ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর
- জার্মান ব্যাংক অ্যাকাউন্ট
- সোশ্যাল সিকিউরিটি নম্বর
নিয়োগকর্তা ও চাকরির ধরন অনুযায়ী অতিরিক্ত কিছু কাগজপত্রও প্রয়োজন হতে পারে।
কত আয় করা যায়?
২০২৬ সাল থেকে জার্মানিতে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৩.৯০ ইউরো।
যেসব শিক্ষার্থী পার্টটাইম কাজ করেন, তারা মাসে সর্বোচ্চ ৬০৩ ইউরো পর্যন্ত আয় করতে পারেন। এর বেশি আয় হলে চাকরির ধরন অনুযায়ী সামাজিক নিরাপত্তা অবদান (Social Security Contributions) এবং আয়কর-সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হতে পারে। বছরে নির্দিষ্ট সীমার বেশি আয় হলে ট্যাক্স রিটার্নও জমা দিতে হতে পারে।
কোন ধরনের পার্টটাইম চাকরি পাওয়া যায়
জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন-ক্যাম্পাস ও অফ-ক্যাম্পাস -দুই ধরনের কাজের সুযোগ রয়েছে।
অন-ক্যাম্পাস চাকরি: লাইব্রেরি সহকারী, স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, টিচিং অ্যাসিস্ট্যান্ট, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বা ছাত্রসংক্রান্ত দপ্তরে কাজ
অফ-ক্যাম্পাস চাকরি: রেস্টুরেন্ট ও ক্যাফে, সুপারমার্কেট, খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, গুদাম ও লজিস্টিক, কাস্টমার সার্ভিস
দক্ষতাভিত্তিক কাজের সুযোগ
যেসব শিক্ষার্থীর বিশেষ দক্ষতা রয়েছে, তাদের জন্য তুলনামূলক ভালো পারিশ্রমিকের কাজও পাওয়া যায়। যেমন - আইটি সাপোর্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, অনুবাদ, ভাষা শিক্ষা, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালাইসিস
যেভাবে চাকরি খুঁজবেন
জার্মানিতে পার্ট-টাইম চাকরি খুঁজতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সেবাগুলো সবচেয়ে কার্যকর। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সেন্টার, জব বোর্ড এবং ক্যারিয়ার ফেয়ারে নিয়মিত চাকরির তথ্য পাওয়া যায়। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম যেমন StepStone, Indeed, LinkedIn, XING এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চাকরির পোর্টালে নিয়মিত পার্ট-টাইম চাকরি ও ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এছাড়া শিক্ষক, সহপাঠী ও অ্যালামনাই নেটওয়ার্কের মাধ্যমে চাকরির সুযোগ সম্পর্কে জানা যায়।
কেন পার্ট-টাইম কাজ গুরুত্বপূর্ণ?
জার্মানিতে পার্ট-টাইম কাজ শুধু আয় করার সুযোগই নয়, এটি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বাড়াতে এবং জার্মান কর্মসংস্কৃতির সঙ্গে পরিচিত হতে সহায়তা করে। অনেক শিক্ষার্থী পড়াশোনার সময় অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতেই স্নাতক হওয়ার পর পূর্ণকালীন চাকরি পান।
তাই নিয়ম মেনে পার্ট-টাইম কাজ করলে তা শুধু আর্থিক সহায়তাই নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পড়াশোনা শেষে কী সুযোগ
পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীরা জার্মানিতে ১৮ মাস পর্যন্ত চাকরি খোঁজার জন্য অবস্থান করতে পারেন। এ সময়ের মধ্যে যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে তারা ওয়ার্ক রেসিডেন্স পারমিট বা EU Blue Card-এর জন্য আবেদন করতে পারেন। নির্দিষ্ট সময় বৈধভাবে কাজ করার পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করার সুযোগও রয়েছে।
সঠিক পরিকল্পনা ও সময়মতো প্রস্তুতি থাকলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জার্মানিতে উচ্চশিক্ষার পথ অনেকটাই সহজ হয়ে ওঠে।



