নানা সংস্কৃতির মেলবন্ধন, বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় এবং পড়াশোনার পর কাজের সুযোগের কারণে কানাডা দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অন্যতম শীর্ষ পছন্দের দেশ। যারা উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্য কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়, ভিসার শর্ত, খরচ এবং পড়াশোনার পর কাজের সুযোগ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।
কেন কানাডা শিক্ষার্থীদের পছন্দ
আন্তর্জাতিক মানের ডিগ্রি, নমনীয় কাজের ভিসা নিয়ম এবং বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে কানাডা উচ্চশিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। নতুন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার আগেই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের ভর্তি ও ভিসার আবেদনপ্রক্রিয়া যত দ্রুত সম্ভব শুরু করার পরামর্শ দিয়েছেন, যাতে শেষ মুহূর্তে কোনো জটিলতার সম্মুখীন না হতে হয়।
বিশ্ববিদ্যালয় নাকি কলেজ?
কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ - দুই ধরনের প্রতিষ্ঠানেরই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ে সাধারণত তাত্ত্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে, কলেজের অনেক শিক্ষাক্রম কর্মমুখী ও ব্যবহারিক দক্ষতা তৈরির দিকে বেশি মনোযোগী। তাই কোনটি বেছে নেবেন, তা নির্ভর করবে শিক্ষার্থীর বিষয়, ক্যারিয়ার লক্ষ্য, শিক্ষাক্রমের ধরন ও বাজেটের ওপর।
পড়াশোনার ধরন ও ডিগ্রি: বিশ্ববিদ্যালয়ে সাধারণত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের ডিগ্রি দেওয়া হয়। কলেজে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা, সার্টিফিকেটসহ বিভিন্ন পেশামুখী শিক্ষাক্রম রয়েছে। কিছু কলেজে ডিগ্রি প্রোগ্রামও চালু আছে।
খরচ: সাধারণভাবে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কলেজের তুলনায় বেশি হতে পারে। তবে বিষয়, প্রতিষ্ঠান ও প্রদেশভেদে ফি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। তাই শুধু প্রতিষ্ঠান দেখে নয়, নির্দিষ্ট শিক্ষাক্রমের টিউশন ফি দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
শিক্ষার পরিবেশ: বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষাক্রমে গবেষণা, তাত্ত্বিক জ্ঞান ও একাডেমিক কাজের ওপর বেশি গুরুত্ব থাকে। কলেজের শিক্ষাক্রমে ব্যবহারিক প্রশিক্ষণ, ল্যাব, প্রকল্প ও কর্মক্ষেত্রভিত্তিক দক্ষতার ওপর বেশি জোর দেওয়া হতে পারে।
কোনটি বেছে নেবেন: গবেষণা, একাডেমিক ক্যারিয়ার বা উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্য থাকলে বিশ্ববিদ্যালয় বেশি উপযোগী হতে পারে। আর নির্দিষ্ট পেশায় দ্রুত ব্যবহারিক দক্ষতা অর্জন করতে চাইলে কলেজের শিক্ষাক্রম বিবেচনা করা যেতে পারে। তবে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠান ও নির্দিষ্ট প্রোগ্রামের স্বীকৃতি, ভর্তি-যোগ্যতা, টিউশন ফি এবং শিক্ষাক্রমের সুযোগ-সুবিধা ভালোভাবে যাচাই করা জরুরি।
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়
কানাডায় রয়েছে বিশ্বের অন্যতম সেরা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাংকিং ২০২৬ অনুযায়ী, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় বিশ্বে ২৭তম, টরন্টো বিশ্ববিদ্যালয় ২৯তম এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ৪০তম অবস্থানে রয়েছে।
বিশেষ করে টরন্টো বিশ্ববিদ্যালয় নিয়োগদাতাদের সুনাম সূচকে ৯৯.১ স্কোর পেয়েছে, যা বিশ্ববিদ্যালয়টির স্নাতকদের প্রতি বৈশ্বিক নিয়োগদাতাদের আস্থার বিষয়টি তুলে ধরে।
এছাড়া কানাডার আরও কয়েকটি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে -
আলবার্টা বিশ্ববিদ্যালয় - ৯৪তম
ওয়াটারলু বিশ্ববিদ্যালয় - ১১৯তম
ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় - ১৫১তম
মন্ট্রিয়েল বিশ্ববিদ্যালয় - ১৫৯তম
ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় - ১৭৬তম
কুইনস বিশ্ববিদ্যালয় - ১৯৩তম
ক্যালগারি বিশ্ববিদ্যালয় – ২১১তম
যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সব ধরনের আধুনিক ও প্রচলিত বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং ক্যারিয়ারের জন্য সেরা বিষয়গুলোকে নিচে কয়েকটি প্রধান সারিতে ভাগ করে দেওয়া হলো:
বিজ্ঞান ও প্রযুক্তি (STEM)
কম্পিউটার বিজ্ঞান: ডেটা সায়েন্স, এআই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
প্রকৌশল: সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
তথ্য প্রযুক্তি: সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট
ব্যবসায় ও ব্যবস্থাপনা (Business & Management)
এমবিএ: বৈশ্বিক ব্যবসায়িক নেতৃত্ব ও কৌশলগত ব্যবস্থাপনা
ফিন্যান্স ও অ্যাকাউন্টিং: ব্যাংকিং, করপোরেট ফিন্যান্স এবং অডিট
বিজনেস অ্যানালিটিক্স: ডেটা-চালিত ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ
স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান (Health Sciences)
জনস্বাস্থ্য: হেলথ পলিসি এবং এপিডেমিওলজি
নার্সিং ও ফার্মেসি: সরাসরি হসপিটাল ও ক্লিনিকাল ক্যারিয়ার
বায়োমেডিকেল সায়েন্স: জিনতত্ত্ব এবং ক্যানসার গবেষণা
সামাজিক বিজ্ঞান ও কলা (Humanities & Social Sciences)
অর্থনীতি: বৈশ্বিক বাজার বিশ্লেষণ ও পলিসি মেকিং
আন্তর্জাতিক সম্পর্ক: কূটনীতি এবং গ্লোবাল গভর্নেন্স
মিডিয়া ও কমিউনিকেশন: ডিজিটাল জার্নালিজম ও পিআর
কানাডায় উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রয়োজন -
- একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
- ভাষাগত দক্ষতার প্রমাণপত্র (IELTS, TOEFL ইত্যাদি)
- উদ্দেশ্যপত্র (স্টেট্মেন্ট অফ পারপাস)
- সুপারিশপত্র
- জীবনবৃত্তান্ত
- পাসপোর্টের স্ক্যান কপি
স্টাডি পারমিটের জন্য প্রয়োজন -
- শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি নিশ্চিতকরণপত্র (এলওএ)
- প্রাদেশিক প্রত্যয়নপত্র (পিএএল) - প্রযোজ্য ক্ষেত্রে
- আর্থিক সামর্থ্যের প্রমাণ
- ব্যাংক স্টেটমেন্ট ও অর্থের উৎসের নথি
- স্পনসরের আয়ের প্রমাণ - প্রযোজ্য ক্ষেত্রে
- গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (জিআইসি) - প্রযোজ্য ক্ষেত্রে
- পুলিশ ক্লিয়ারেন্স - প্রযোজ্য ক্ষেত্রে
- মেডিকেল পরীক্ষার রিপোর্ট - প্রযোজ্য ক্ষেত্রে
- পাসপোর্ট ও প্রয়োজনীয় ছবি
- স্টাডি পারমিট আবেদন ফর্ম ও সংশ্লিষ্ট নথি
ভাষাগত যোগ্যতা
কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাষাগত যোগ্যতা নিয়ে অনেকের মাঝেই একটি সাধারণ ভুল ধারণা থাকে যে, একটি নির্দিষ্ট আইইএলটিএস স্কোর থাকলেই সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। কিন্তু এডুকানাডা’র অফিশিয়াল তথ্য অনুযায়ী, বিষয়টি সম্পূর্ণ ভিন্ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে পরিবর্তনশীল।
ভাষাগত যোগ্যতার মূল বিষয়সমূহ
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ম: প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের প্রতিটি কোর্সের জন্য আলাদা রিকোয়ারমেন্ট নির্ধারণ করে।
গ্রহণযোগ্য ইংরেজি পরীক্ষা: আইইএলটিএস ছাড়াও টোফেল, ক্যামব্রিজ ইংলিশ, এবং সিএইএল স্কোর গ্রহণ করা হয়।
ফরাসি ভাষার সুযোগ: কানাডার কুইবেক বা অন্যান্য ফরাসিভাষী অঞ্চলের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ফরাসি দক্ষতার প্রমাণ দিতে হয়।
কাজের অনুমতির ক্ষেত্রে: পড়াশোনা শেষ করে পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট বা ইমিগ্রেশনের আবেদনের সময়ও আলাদাভাবে ভাষার দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।
কখন আবেদন করবেন
কানাডার তিনটি প্রধান ইনটেক নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:
ফল ইনটেক: এটি প্রধান এবং সবচেয়ে বড় সেমিস্টার। সব কোর্সে ভর্তির সুযোগ ও স্কলারশিপের পরিমাণ এখানে সবচেয়ে বেশি থাকে।
উইন্টার ইনটেক: ফল ইনটেকে সুযোগ না পেলে শিক্ষার্থীরা সাধারণত এতে আবেদন করেন, তবে এখানে তুলনামূলক কম কোর্স ও সিট থাকে।
সামার/স্প্রিং ইনটেক: খুব সীমিত কিছু কোর্স এবং স্বল্পমেয়াদি প্রোগ্রামের জন্য এতে শিক্ষার্থী নেওয়া হয়।
ভর্তির আবেদন প্রক্রিয়া
- পছন্দের বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন
- ভর্তি-যোগ্যতা ও আবেদনের সময়সীমা যাচাই
- প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন
- আবেদন ফি পরিশোধ
- ভর্তি নিশ্চিত হলে ভর্তি নিশ্চিতকরণপত্র (LOA) সংগ্রহ
কানাডার স্টাডি ভিসার শর্ত
কানাডায় পড়াশোনার জন্য প্রথমে শিক্ষার্থীদের একটি ডিজাইনেটেড লার্নিং ইনস্টিটিউশন (ডিএলআই) থেকে ভর্তি নিশ্চিত করতে হবে। ডিএলআই হতে পারে কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুল, যেটি কানাডা সরকারের অনুমোদিত।
ভর্তির পর শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে লেটার অব অ্যাকসেপ্ট্যান্স (এলওএ) সংগ্রহ করতে হবে। এরপর স্টাডি পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র, পাসপোর্ট, আর্থিক সামর্থ্যের প্রমাণসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হয়।
কানাডা সরকারের নিয়ম অনুযায়ী, বেশির ভাগ শিক্ষার্থীর স্টাডি পারমিট আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রদেশ বা অঞ্চল থেকে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার (পিএএল) জমা দিতে হয়। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সরকারি নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এ চিঠি জমা দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্ত। কুইবেকের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে।
কানাডা সরকারের তথ্য অনুযায়ী, স্টাডি পারমিটের আবেদন ফি ১৫০ কানাডীয় ডলার। আবেদনকারীকে কানাডায় পড়াশোনা ও জীবনযাপনের খরচ বহনের মতো আর্থিক সামর্থ্যের প্রমাণও দিতে হবে।
আর্থিক সক্ষমতার প্রমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্টাডি পারমিটের আবেদনে আর্থিক সামর্থ্যের প্রমাণ যাচাইয়ে আরও কড়াকড়ি আরোপ করেছে কানাডা। আবেদনকারীর কাছে প্রয়োজনীয় অর্থ আছে কি না, তার পাশাপাশি অর্থের উৎস, স্থায়িত্ব ও নথিপত্রের বিশ্বাসযোগ্যতার ওপর এখন বেশি গুরুত্ব দিচ্ছে দেশটি। নতুন নির্দেশনায় আবেদনকারীর অর্থের পরিমাণ ও উৎস - দুটোই খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি স্টাডি পারমিটের আবেদন শক্তিশালী করতে কয়েকটি নথি রাখার পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট (জিআইসি), ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, যাতে ব্যাখ্যাহীন বড় অঙ্কের জমা না থাকে, স্পনসরের চাকরির প্রমাণপত্র ও তিন মাসের বেতন স্লিপ। ব্যাংকে বড় অঙ্কের অর্থ জমা হলে তার লিখিত ব্যাখ্যাও দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
টিউশন ফি
কানাডায় উচ্চশিক্ষার খরচ বিশ্ববিদ্যালয়, শিক্ষার স্তর, বিষয় ও প্রদেশভেদে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে গড় বার্ষিক টিউশন ফি ৪১ হাজার ৭৪৬ কানাডীয় ডলার। আর স্নাতকোত্তর পর্যায়ে গড় টিউশন ফি ২৪ হাজার ২৮ কানাডীয় ডলার।
প্রদেশভেদেও পার্থক্য রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীদের গড় টিউশন ফি নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ১৮ হাজার ৮৬৭ ডলার, ম্যানিটোবায় ২১ হাজার ৪২৪ ডলার, আলবার্টায় ৩৪ হাজার ৮৮০ ডলার, ব্রিটিশ কলাম্বিয়ায় ৩৯ হাজার ৮৫১ ডলার এবং অন্টারিওতে ৪৯ হাজার ৮০২ ডলার।
স্নাতকোত্তর পর্যায়েও প্রদেশভেদে খরচের পার্থক্য রয়েছে। গড় টিউশন ফি ম্যানিটোবায় ১৩ হাজার ৫৫৬ ডলার, আলবার্টায় ১৬ হাজার ৯৯০ ডলার, ব্রিটিশ কলাম্বিয়ায় ২৬ হাজার ৬০৭ ডলার এবং অন্টারিওতে ২৮ হাজার ৬২৪ ডলার।
জীবনযাত্রার খরচ
আবাসন: মাসে প্রায় ৫০০-২,০০০ কানাডীয় ডলার
খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য: মাসে প্রায় ২৪০-৪৮০ ডলার
বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবা: মাসে ১০০ ডলার বা তার বেশি
ইন্টারনেট: মাসে প্রায় ৫০-১০০ ডলার
মুঠোফোন: মাসে ৬০ ডলার বা তার বেশি
স্বাস্থ্যবিমা: মাসে প্রায় ৭৫-১২০ ডলার
যাতায়াত: মাসে প্রায় ৮০-১৫৬ ডলার
বিনোদন ও ব্যক্তিগত খরচ: মাসে ১২০ ডলার বা তার বেশি
শহর, আবাসনের ধরন ও ব্যক্তিগত জীবনযাপনের ওপর মোট খরচে পার্থক্য হয়। তাই টিউশন ফির পাশাপাশি আবাসন ও দৈনন্দিন ব্যয়ের জন্য আলাদা বাজেট রাখা জরুরি।
পড়াশোনার পাশাপাশি কাজের সুযোগ
কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ পান। কানাডা সরকারের তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী নির্দিষ্ট শর্ত পূরণ করেন, তারা ক্লাস চলাকালে সপ্তাহে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত অফ-ক্যাম্পাসে (ক্যাম্পাসের বাইরে) কাজ করতে পারেন। তবে গ্রীষ্মকালীন বা শীতকালীন নির্ধারিত ছুটির সময়ে এই কাজের ঘণ্টার ওপর কোনো সীমা থাকে না; তখন ফুল-টাইম কাজ করা যায়।
কাজের মূল শর্তাবলি: শিক্ষার্থীর অবশ্যই একটি বৈধ স্টাডি পারমিট থাকতে হবে।স্টাডি পারমিটে স্পষ্ট করে অফ-ক্যাম্পাস বা অন-ক্যাম্পাস কাজের অনুমতির কথা উল্লেখ থাকতে হবে।শিক্ষার্থীকে অবশ্যই কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে (DLI) ফুল-টাইম কোর্সে নথিভুক্ত থাকতে হবে।
পড়াশোনা শেষে কাজের সুযোগ
কানাডায় উচ্চশিক্ষার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হলো পড়াশোনা শেষে সেখানে থেকে সরাসরি কাজের সুযোগ পাওয়া। কানাডা সরকারের ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) বিভাগের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ করার পর পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট (PGWP)-এর জন্য আবেদন করতে পারেন। কানাডা সরকারের সর্বশেষ ইমিগ্রেশন আপডেট অনুযায়ী PGWP-এর মূল নিয়মাবলি নিচে তুলে ধরা হলো-
পিজিডব্লিউপির মেয়াদ
৮ মাসের কম মেয়াদের শিক্ষাক্রম: সাধারণত পিজিডব্লিউপির জন্য যোগ্য নয়।
৮ মাস থেকে ২ বছরের কম মেয়াদের শিক্ষাক্রম: শিক্ষাক্রমের সমপরিমাণ সময়ের জন্য কাজের অনুমতি পাওয়া যেতে পারে।
২ বছর বা তার বেশি মেয়াদের শিক্ষাক্রম: সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কাজের অনুমতি পাওয়া যেতে পারে।
মাস্টার্স শিক্ষাক্রম: শিক্ষাক্রম দুই বছরের কম হলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে সর্বোচ্চ ৩ বছরের পিজিডব্লিউপি পাওয়ার সুযোগ রয়েছে।
পিজিডব্লিউপির যোগ্যতা
ভাষাগত দক্ষতা: বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি সম্পন্নকারীদের ইংরেজি বা ফরাসি ভাষায় কানাডিয়ান ভাষা মান ৭ পর্যায়ের দক্ষতা থাকতে হবে।
কলেজের শিক্ষার্থীরা: কলেজ বা অন্যান্য বিশ্ববিদ্যালয়-বহির্ভূত শিক্ষাক্রমের ক্ষেত্রে কানাডিয়ান ভাষা মান ৫ পর্যায়ের দক্ষতা প্রয়োজন।
শিক্ষাক্রম: শিক্ষার্থীকে পিজিডব্লিউপির জন্য যোগ্য শিক্ষাক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষাপ্রতিষ্ঠানটি কানাডা সরকারের নির্ধারিত যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় থাকতে হবে।
বিষয়ভিত্তিক শর্ত: কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়-বহির্ভূত শিক্ষাক্রমের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয় বা শিক্ষাক্ষেত্রে পড়াশোনা করার শর্ত রয়েছে। তাই ভর্তির আগে শিক্ষাক্রমটি পিজিডব্লিউপির জন্য যোগ্য কি না যাচাই করা জরুরি।
স্থায়ী বসবাসের সুযোগ
কানাডায় পিজিডব্লিউপি নিয়ে কাজ করার পর যোগ্য শিক্ষার্থীদের স্থায়ীভাবে বসবাসের আবেদনের পথও খুলতে পারে। এর প্রধান পথগুলো হলো -
এক্সপ্রেস এন্ট্রি: কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাসের মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদন করা যায়। সাধারণত গত তিন বছরের মধ্যে কানাডায় অন্তত এক বছর বা ১,৫৬০ ঘণ্টা দক্ষ কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়।
প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি: কানাডার বিভিন্ন প্রদেশ নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের মনোনয়ন দিতে পারে। তবে প্রদেশভেদে যোগ্যতার শর্ত আলাদা।
স্কলারশিপের সুযোগ
কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। তবে সব বৃত্তি সরাসরি বিদেশি শিক্ষার্থীরা আবেদন করে পেতে পারেন না। এডুকানাডার তথ্য অনুযায়ী, কিছু বৃত্তির আবেদন কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীর হয়ে করতে হয়। এডুকানাডার ওয়েবসাইটে দেশ, শিক্ষার স্তর ও শিক্ষার্থীর ধরন অনুযায়ী বৃত্তি খোঁজার ব্যবস্থাও রয়েছে।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য একটি সুযোগ হলো স্টাডি ইন কানাডা স্কলারশিপ। এর আওতায় স্বল্পমেয়াদি পড়াশোনা বা গবেষণার জন্য ৪ থেকে ৬ মাসের বৃত্তি দেওয়া হয়। এতে বিমানভাড়া, নির্দিষ্ট জীবনযাত্রার খরচ, স্বাস্থ্যবিমা এবং ভিসা বা পড়াশোনার অনুমতিপত্রের ফিসহ কিছু ব্যয় বহন করা হয়। তবে শিক্ষার্থী নিজে সরাসরি আবেদন করতে পারেন না; কানাডার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে তাঁর হয়ে আবেদন করতে হয়। এডুকানাডার ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই কর্মসূচিতে আবেদন করেছে কানাডার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
স্নাতক পর্যায়ে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব বৃত্তিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন - টরন্টো বিশ্ববিদ্যালয়ের লেস্টার বি. পিয়ারসন আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চার বছরের স্নাতক পড়াশোনার শিক্ষা ফি, বই, আনুষঙ্গিক ফি এবং আবাসনের পুরো খরচ বহন করে। প্রতিবছর প্রায় ৩৭ জন শিক্ষার্থী এই বৃত্তি পান। এ বৃত্তির জন্য শিক্ষার্থীকে প্রথমে তাঁর বর্তমান স্কুলের মাধ্যমে মনোনীত হতে হয়, এরপর টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের কোনো শিক্ষাক্রমে আবেদন করে বৃত্তির আলাদা আবেদন সম্পন্ন করতে হয়।
ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি কর্মসূচিও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ। অসাধারণ ফলাফল, নেতৃত্বের গুণ, সমাজে উল্লেখযোগ্য অবদান এবং আর্থিক প্রয়োজন - এসব বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হয়। ২০২৬ শিক্ষাবর্ষের আবেদন শেষ হয়ে গেছে; পরবর্তী শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
স্নাতকোত্তর ও গবেষণাভিত্তিক পড়াশোনার ক্ষেত্রেও কানাডায় বিভিন্ন বৃত্তি রয়েছে। কানাডা সরকারের বৃত্তির তালিকায় স্নাতকোত্তর গবেষণার জন্য কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ, সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে জোসেফ-আরমাঁ বোম্বার্দিয়ে কানাডা গ্র্যাজুয়েট স্কলারশিপ এবং বিভিন্ন বিজ্ঞান ও প্রকৌশলভিত্তিক বৃত্তির কথা রয়েছে। এসব বৃত্তিতে সাধারণত ভালো একাডেমিক ফলাফল, গবেষণার সম্ভাবনা ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করা হয়।
বৃত্তি পাওয়ার জন্য প্রথমেই যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্রমে ভর্তি হতে চান, তাদের ওয়েবসাইটে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির তালিকা দেখতে হবে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময়ই বৃত্তির জন্য বিবেচিত হওয়া যায়, আবার কিছু বৃত্তির জন্য আলাদা আবেদন করতে হয়। ভালো ফলাফল, গবেষণার পরিকল্পনা, নেতৃত্বের দক্ষতা ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা থাকলে বিভিন্ন বৃত্তিতে আবেদন করার সুযোগ বাড়ে।
এডুকানাডার বৃত্তি খোঁজার ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজেদের নাগরিকত্ব, শিক্ষার স্তর ও অন্যান্য তথ্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপযুক্ত বৃত্তি খুঁজে নিতে পারেন।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো - বৃত্তির নামে কোনো এজেন্টকে টাকা দিয়ে আবেদন না করা। যেমন - টরন্টো বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানিয়েছে, লেস্টার বি. পিয়ারসন বৃত্তির জন্য তারা কোনো এজেন্টের মাধ্যমে শিক্ষার্থী নিয়োগ করে না এবং তৃতীয় পক্ষকে টাকা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।



