রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলার মধ্যেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একটি সূত্র জানিয়েছে।
যদিও সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক এজেন্ডা জানানো হয়নি, তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়েই স্পিকার বক্তব্য দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফেরেন স্পিকার। গত ১৯ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ব্যাংকক যান। পূর্বনির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফেরায় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান আলোচনা আরও জোরদার হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘‘আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করবেন না করবেন, তা আমার জানা নেই। এখন হয়তো জানতে পারব।’’
তিনি আরও বলেন, ‘‘রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমি জানি না। তিনি দেশের প্রথম ব্যক্তি।’’
রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রশ্ন করা হলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘‘সংবিধানে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।’’
গত কয়েক দিন ধরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, তিনি শুক্রবার অথবা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।



