সকালে উঠে মেপে মেপে ওটস খাওয়া, দুপুরের ভাত বা রুটির পরিমাণ নিয়ে দুশ্চিন্তা কিংবা বিকেলে স্ন্যাক্স এড়ানোর আপ্রাণ চেষ্টা - ডায়েট মানেই এতদিন ছিল শুধুই কম খাওয়া বা ক্যালোরির হিসাব রাখা। তবে স্বাস্থ্য সচেতনদের কাছে এখন কেবল মোট ক্যালোরিই শেষ কথা নয়; গুরুত্ব পাচ্ছে খাবারের ভেতরের পুষ্টিগুণ। ডায়েটের এই আধুনিক ধারায় জায়গা করে নিয়েছে এক ডিজিটাল গণক ‘ম্যাক্রো ক্যালকুলেটর’।
ম্যাক্রো ক্যালকুলেটর কী?
কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি - এই তিন প্রধান পুষ্টি উপাদানকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। শরীরের প্রায় সব কার্যক্রম পরিচালনায় এ তিন উপাদানের প্রয়োজন হয়। সুস্বাস্থ্যের পাশাপাশি ওজন কমানো কিংবা পেশি গঠনের জন্য শরীরের প্রয়োজন অনুযায়ী কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি সঠিক অনুপাতে গ্রহণ করা সমান গুরুত্বপূর্ণ। তাই সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে ম্যাক্রো গণনার প্রবণতা বাড়ছে। আর এটাই বের করে দেয় ম্যাক্রো ক্যালকুলেটর।
ম্যাক্রো ক্যালকুলেটর হলো একটি অনলাইন সফটওয়্যার বা অ্যালগরিদম, যা একজন মানুষের বয়স, ওজন, উচ্চতা, দৈনন্দিন শারীরিক পরিশ্রম এবং ব্যক্তিগত লক্ষ্য (ওজন কমানো, পেশি বাড়ানো বা ওজন ধরে রাখা) বিশ্লেষণ করে প্রতিদিন কত গ্রাম প্রোটিন, কার্ব ও ফ্যাট খাওয়া প্রয়োজন তা নির্ভুলভাবে জানিয়ে দেয়।
ম্যাক্রো ক্যালকুলেটর কীভাবে কাজ করে
ম্যাক্রো ক্যালকুলেটরে শরীর ও লক্ষ্য অনুযায়ী দৈনিক কতটুকু প্রোটিন, কার্বোহাইড্রেট ও চর্বি প্রয়োজন, তা নির্ধারণ করতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য ব্যবহার করে। এগুলো হলো -
- বয়স, উচ্চতা ও ওজন,
- শারীরিক সক্রিয়তার মাত্রা,
- শরীরের গঠন ও ফিটনেস লক্ষ্য ।
এ তথ্যগুলোর ভিত্তিতে ক্যালকুলেটর মূলত দুটি গুরুত্বপূর্ণ মান নির্ণয় করে। প্রথমটি হলো বেসাল মেটাবলিক রেট (বিএমআর), অর্থাৎ বিশ্রাম নেওয়া অবস্থায় শরীরের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নিতে প্রতিদিন কত ক্যালরি প্রয়োজন।
দ্বিতীয়টি হলো টোটাল ডেইলি এনার্জি এক্সপেনডিচার (টিডিইই); অর্থাৎ বিশ্রাম, হাঁটাচলা, ব্যায়ামসহ সারা দিনের সব ধরনের কার্যক্রম মিলিয়ে শরীর মোট কত ক্যালরি খরচ করে তার হিসাব।
এরপর এই মোট ক্যালরিকে নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের মধ্যে ভাগ করে দৈনিক ম্যাক্রোনিউট্রিয়েন্টের চাহিদা নির্ধারণ করা হয়।
অ্যাপ ও ওয়েবসাইট - দুই মাধ্যমেই ম্যাক্রো ক্যালকুলেটর ব্যবহার করা যায়। এ গণনার জন্য অনেকগুলো নির্ভরযোগ্য অ্যাপ আছে। স্মার্টফোনের এই যুগে এমন অ্যাপ ফোনে থাকলে স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক হয়। তবে ম্যাক্রো ক্যালকুলেটর কখনোই চিকিৎসক বা পুষ্টিবিদের বিকল্প নয়; বরং এর মাধ্যমে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শে নিজের খাবারদাবারের সঠিক হিসাব সহজে রাখা যায়।
কীভাবে ব্যবহার করবেন এই টুল?
ম্যাক্রো ক্যালকুলেটর ব্যবহার করা বেশ সহজ। যেকোনো বিশ্বস্ত ফিটনেস অ্যাপ (যেমন: MyFitnessPal) বা ওয়েবসাইটে গিয়ে কয়েকটি সাধারণ ধাপে এটি ব্যবহার করা যায়:
১. ব্যক্তিগত তথ্য প্রবেশ: প্রথমে আপনার বয়স, লিঙ্গ, বর্তমান ওজন এবং উচ্চতা সঠিক তথ্য দিয়ে ইনপুট করতে হয়।
২. শারীরিক পরিশ্রমের মাত্রা নির্ধারণ: আপনি সারাদিনে কতটা কায়িক পরিশ্রম করেন (অলস জীবনযাপন, হালকা ব্যায়াম, নাকি প্রতিদিন কঠোর ব্যায়াম) তা নির্বাচন করতে হয়।
৩. লক্ষ্য স্থির করা: আপনি কি ওজন কমাতে চান , পেশি বাড়াতে চান, নাকি বর্তমান ওজন ধরে রাখতে চান - তা নির্ধারণ করতে হয়।
৪. ফলাফল বিশ্লেষণ: ক্যালকুলেটরটি আপনার বেসাল মেটাবলিক রেট (বিএমআর) এবং টোটাল ডেইলি এনার্জি এক্সপেনডিচার (টিডিইই) হিসাব করে প্রতিদিনের জন্য নির্দিষ্ট গ্রাম অনুযায়ী প্রোটিন, কার্ব ও ফ্যাটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেবে।
দৈনন্দিন খাদ্যতালিকায় কীভাবে কাজে লাগাবেন?
হিসাব পাওয়ার পর কিচেন স্কেল বা ফুড-ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে খাবারের পরিমাণ মাপা যায়। ধরুন, একজনের প্রতিদিন ১৫০ গ্রাম প্রোটিন, ২০০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ৫০ গ্রাম চর্বি প্রয়োজন। সে অনুযায়ী দিনের প্রতিটি খাবার পরিকল্পনা করলে নির্ধারিত লক্ষ্য পূরণ করা সহজ হয়।
কিছু বিষয় মনে রাখা জরুরি
ম্যাক্রো ক্যালকুলেটর একটি কার্যকর নির্দেশক হলেও এটি চিকিৎসক বা পুষ্টিবিদের বিকল্প নয়। সবার শরীরের চাহিদা এক নয়। বয়স, রোগ, হরমোনজনিত সমস্যা বা বিশেষ শারীরিক অবস্থার কারণে খাদ্য পরিকল্পনায় ভিন্নতা প্রয়োজন হতে পারে। এছাড়া শুধু ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয়, ভিটামিন, খনিজ ও আঁশের মতো মাইক্রোনিউট্রিয়েন্ট-এর দিকেও সমান গুরুত্ব দিতে হবে।
শেষ কথা
শুধু কম খাওয়াই স্বাস্থ্যকর ডায়েট নয়; বরং সঠিক অনুপাতে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণই সুস্থ থাকার মূল চাবিকাঠি। সেই হিসাব সহজ করে দেয় ম্যাক্রো ক্যালকুলেটর। তবে এটি ব্যবহার করার সময় নিজের শারীরিক অবস্থা বিবেচনায় রেখে প্রয়োজন হলে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।