শিশুরা সবসময় খোলামেলা ও হাসিখুশি পরিবেশ পছন্দ করে। প্রাণবন্ত ও আনন্দময় পরিবেশ শিশুদের মনোজগতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি শিশুর নিয়মিত খেলাধুলা করা উচিত।
কিন্তু ঢাকায় শিশুদের উন্মুক্ত খেলার স্থানের সংখ্যা খুবই অপ্রতুল। ফলে শিশুরা ভার্চুয়াল দুনিয়ায় বেশি সময় কাটাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাদের মনোজগত এবং জীবনযাপনে।
তবে ঢাকার ভেতরেও কিছু গেমিং জোন তৈরি হয়েছে। রয়েছে জাদুঘর, শিশুপার্ক ও উন্মুক্ত পার্কও। এছাড়াও বিভিন্ন খেলার মাঠ ও ছোট-বড় উদ্যান রয়েছে।
ঢাকায় শিশুদের নিয়ে ঘুরতে যেতে পারেন যে সাতটি জায়গায়-
শ্যামলী শিশু মেলা
ঢাকার শাহবাগের শিশু পার্কটি বর্তমানে বন্ধ। তবে শ্যামলী শিশু মেলা চালু আছে। এই পার্কটিতে চুক চুক ট্রেন, নাগরদোলা, হেলিকপ্টার, বাম্পার কার, মিনি ট্রেন, ভিডিও গেমস ইত্যদি খেলায় অংশগ্রহণ করতে পারবে শিশুরা।
টগি ফান ওয়ার্ল্ড
ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটিতে অবস্থিত টগি ফান ওয়ার্ল্ড। বড়দের গেমিং জোনের পাশাপাশি শিশুদের জন্যও বেশ কিছু রাইড ও গেমিং এক্সপেরিয়েন্সের ব্যবস্থা আছে এতে। বসুন্ধরা সিটির ৮-১৮ তলাব্যাপী টগি ফান ওয়ার্ল্ড শিশুদের চিত্তবিনোদনের অন্যতম সেরা জায়গা।
বাবুল্যান্ড
শিশুদের অভিনব ইনডোর গেমিংয়ের অভিজ্ঞতা দিতে দুজন উদ্যোক্তা ২০১৮ সালে এই বাবুল্যান্ড চালু করেন। বর্তমানে মিরপুর, উত্তরা, ওয়ারী ও বাড্ডায় বাবুল্যান্ডের শাখা রয়েছে।
বাংলাদেশ জাতীয় জাদুঘর
দেশের ইতিহাস জানানোর জন্য শিশুদের ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে নিয়ে যেতে পারেন। এখানে ভাস্কর্য, চিত্রকর্ম, মুদ্রা, অস্ত্রসহ অনেক বৈচিত্র্যময় এবং উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন রয়েছে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে।
সামরিক জাদুঘর
সামরিক জাদুঘর ঢাকার বিজয় সরণিতে নভোথিয়েটারের ঠিক পাশেই অবস্থিত। বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্যের গল্প এবং তাদের ব্যবহৃত অসংখ্য অস্ত্রশস্ত্রের নমুনা- সবই এই জাদুঘরে প্রদর্শিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর
ঢাকার আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বিমান বাহিনী পরিচালিত এই জাদুঘরটিতে শিশুদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা আছে। আরও আছে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন সময়ে ববহৃত বিমান ও হেলিকপ্টার। নির্দিষ্ট অর্থ পরিশোধ করে আসেব বিমানে চড়েও দেখা যাবে।
জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক
জলসিড়ি সেন্ট্রাল পার্ক ঢাকার অদূরে ৩০০ ফিট এলাকায় জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। এই পার্কটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মনোরোম প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্নতার কারণে পরিবার-পরিজনসহ সারাদিন কাটানোর জন্য এটি খুব সুন্দর একটি জায়গা। পার্কটিতে বিশাল উন্মুক্ত মাঠ আছে, যা শিশুদের খেলাধুলার জন্য উত্তম স্থান।