আইরিশ দ্বীপটিতে বাস করলেই মিলবে কোটি টাকা

অনেকেই হয়তো ভাবেন শহুরে কংক্রিটের জীবন থেকে ছুটি নিয়ে নিরিবিলি কোনো প্রাকৃতিক কোনো দ্বীপে বাস করবেন। আধুনিক কর্মব্যস্ত জীবনের কাছ থেকে ছুটি নিয়ে অখণ্ড অবসর কাটাবেন। তাদের জন্য লোভনীয় প্রস্তাবনা দিয়েছে আয়ারল্যান্ড।

দেশটির পশ্চিম সমুদ্র তীরের ২০টিরও বেশি দ্বীপপুঞ্জকে পুনরুজ্জীবিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সেদেশের সরকার। দীপে যেতে ইচ্ছুক ব্যক্তিদের “আওয়ার লিভিং আইল্যান্ডস” স্কিমের অধীনে ৮৪ হাজার (প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা) দেওয়া হবে। এক্ষেত্রে তহবিল পেতে অবশ্যই দ্বীপে সম্পত্তি কিনতে হবে।

দ্য বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়ারল্যান্ডের সরকার দ্বীপগুলোর পরিত্যক্ত ভবনগুলোকে স্থায়ী আবাস হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে।

সরকারের দেওয়া তথ্য অনুসারে, এই নীতির লক্ষ্য হলো সামনের বছরগুলোতে টেকসই, প্রাণবন্ত কমিউনিটিগুলো যেন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপগুলোতে বেঁচে থাকতে পারে এবং উন্নতি করতে পারে তা নিশ্চিত করা। আগামী ১ জুলাই থেকে নতুন এই উদ্যোগটি কার্যকর হবে।

সরকারি ওয়েবসাইটের তথ্যের বরাতে দ্য নিউজ জানিয়েছে, এই দ্বীপবাসীদের টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচ ধাপের উচ্চপর্যায়ের কৌশলগত লক্ষ্য ঠিক হয়েছে, যা বাসিন্দাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এই লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে দ্বীপগুলোয় জনসংখ্যা বাড়ানো, দ্বীপের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, স্বাস্থ্য ও পরিষেবাব্যবস্থার উন্নয়ন, দ্বীপের স্থানীয় বাসিন্দাদের অবস্থার উন্নয়ন, দ্বীপবাসীর সমৃদ্ধি ও টেকসই জীবনমানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

এই পরিকল্পনার মধ্যে আরও লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল অঞ্চল, বাণিজ্যিক এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানকে উচ্চগতির ইন্টারনেটের আওতায় আনা, দ্বীপে বসে অনলাইনে অন্যত্র কাজ ও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া এবং ই-স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।