আজ দৃশ্যমান হবে 'নতুন চাঁদ', থাকবে দুই মাস

পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দৃশ্যমান হওয়া নিয়ে নক্ষত্র এবং মহাকাশবিজ্ঞানীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দ্বিতীয় চাঁদ দেখার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকেই দৃশ্যমান হচ্ছে এই দ্বিতীয় চাঁদ। এটি মূলত একটি গ্রহাণু। দ্বিতীয় চাঁদটি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আকাশে অবস্থান করবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বাইরে থেকে উড়ে আসা একটি গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করবে। “২০২৪ পিটি৫” নামের এই গ্রহাণুকে “মিনি মুন” হিসেবে আখ্যায়িত করছেন বিজ্ঞানীরা।

পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাধারণ মানুষ খালি চোখে বা সাধারণ টেলিস্কোপ দিয়ে চাঁদটি দেখতে পারবেন না। এজন্য ব্যবহার করতে হবে মহাকাশ গবেষণায় ব্যবহৃত টেলিস্কোপ। দ্বিতীয় এই চাঁদটি এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে পৃথিবীর কোনো জায়গা থেকে দেখা যাবে না। এছাড়া এই গ্রহাণুটির উজ্জ্বলতাও কম।

 

আসাম অ্যাস্ট্রোনমি পডকাস্টের সঞ্চালক ড. জেনিফার মিলার্ড ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, “পেশাদার টেলিস্কোপ এই ক্ষুদ্র চাঁদের ছবি তুলতে পারবে। আপনারা অনলাইনে এই ক্ষুদ্রাকৃতির বিন্দুর সুন্দর ছবি দেখতে পারবেন। যেটি আকাশের তারার পাশ দিয়ে ছুটে যাচ্ছে।”

এদিকে দ্বিতীয় চাঁদ হিসেবে আখ্যা দেওয়া “২০২৪ পিটি৫” অর্জুনা গ্রহাণু বেল্টের গোত্রভুক্ত। এই গ্রহাণু বেল্টের কক্ষপথে যে পাথর রয়েছে সেটি দেখতে পৃথিবীর মতো। গ্রহাণুটি গত ৭ আগস্ট প্রথম টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার “গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম” (অ্যাটলাস)। পৃথিবী প্রদক্ষিণ শেষে গ্রহাণুটি সূর্যকেন্দ্রিক একটি কক্ষপথে (হেলিওসেন্ট্রিক অরবিট) ফিরে যাবে। গ্রহাণুটি ১১ মিটার চওড়া।

পৃথিবীর আকাশে এর আগেও ক্ষুদ্র চাঁদের দেখা মিলেছে। আবার এমন কিছু ক্ষুদ্র চাঁদ পৃথিবীর কাছে এসেছিল যেগুলো কেউ শনাক্ত করতে পারেনি। এর আগে গ্রহাণু ২০২২ এনএক্স১; যেটি ১৯৮১ ও ২০২২ সালে পৃথিবীর কাছে এসেছিল।