আইইএলটিএস পরীক্ষায় আসছে বড় পরিবর্তন, ব্যবহার করা যাবে না পেনসিল

ইংরেজি ভাষাদক্ষতার জন্য অন্যতম প্রচলিত পরীক্ষা পদ্ধতি হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইইএলটিএস।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা পড়তে ও অভিবাসনের জন্য যেতে চান, তাদের আইইএলটিএস পরীক্ষা দিতে হয়।

সম্প্রতি আইইএলটিএস পরীক্ষায় একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশে আইইএলটিএস পরীক্ষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম) এডুকেশন।

আগে আইইএলটিএস পরীক্ষায় বাধ্যতামূলকভাবে লিসেনিং ও রিডিং পরীক্ষায় পেনসিল ব্যবহার করতে হতো, রাইটিং অংশে পেনসিল বা কলমের মধ্যে যেকোনো একটি ব্যবহার করা যেত।

কিন্তু নতুন নিয়মে কোনোভাবে পরীক্ষার্থীরা পেনসিল ব্যবহার করতে পারবেন না। লিসেনিং, রিডিং ও রাইটিং তিন অংশের পরীক্ষাতেই বাধ্যতামূলকভাবে কলম ব্যবহার করতে হবে।

ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি দুই প্রতিষ্ঠানেরই পরীক্ষার্থীদের জন্য আগামী ২৫ জানুয়ারি থেকে বাংলাদেশে এই নিয়ম কার্যকর হবে। একাডেমিক ও জেনারেল আইএলটিএসে দুই ক্ষেত্রেই এ নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্রে প্রার্থীদের কলম দেবে ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি।

এছাড়া পরীক্ষার্থীরা কেন্দ্রে পাসপোর্ট বা জাতীয় পরিচয়ত্র ছাড়া অন্য কিছু সঙ্গে নিতে পারবেন না।