সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহানের নতুন মিউজিক ভিডিও “আঁখ”। তবে ৪১ বছর বয়সেও সুনিধির থেকে চোখ সরাতে পারেননি দর্শকরা। এই বয়সেও তার ফিটনেস দেখার মতো। কিন্তু এর জন্য সুনিধিকে মাত্র ১০ দিনে কমাতে হয়েছিল ৫ কেজি ওজন। কীভাবে তা সম্ভব হয়েছিল সে রহস্য ফাঁস করলেন গায়িকার ফিটনেস ট্রেইনার বিরাজ শর্মালকর।
অনেকের ধারণা ফিটনেস ধরে রাখার জন্য তিনি খুব কঠিন ডায়েট করেন, বা প্রচুর শরীরচর্চা করেন। কিন্তু বিরাজ শর্মালকরের মতে ডায়েটের পাশাপাশি ধারাবাহিকতার দিকেও সমান ভাবে নজর দিতে হবে। তাহলেই নিজেকে ফিট রাখা আরও সহজ হবে।
সুনিধির ফিটনেস ট্রেনার বিরাজ শর্মালকর জানিয়েছেন, সম্প্রতি মুক্তি পাওয়া মিউজিক ভিডিওর জন্য সুনিধি মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়েছিলেন।
সুনিধির ফিটনেস দক্ষতা সম্পর্কে কথা বলতে গিয়ে বিরাজ জানান, সুনিধি ৯০ কেজি ভারোত্তলোন করেন, ৭০ কেজি স্কোয়াট করেন এবং পুল-আপ করেন। মাত্র ২৫ মিনিটে তিনি ৫ কিলোমিটার দৌড়ও শেষ করতে সক্ষম।
সুনিধির ডায়েট রহস্য
বিরাজ জানিয়েছেন, সুনিধি তার ডায়েটের অংশ হিসাবে দিনে ১২০০ ক্যালোরিরও কম খাবার খান। তিনি মাঝে মাঝে ফাস্টিং বা উপবাসও করেন। তার এই ফাস্টিংয়ের অনুপ্রেরণা কেবল ওজন হ্রাস করাই নয়, বরং লিভারকেও বিশ্রাম দেওয়া।
এছাড়াও সুনিধি ইন্টারমিটেড ফাস্টিং করেন। দিনে ১৬ ঘণ্টা কিছু খান না, আর ৮ ঘণ্টার উইন্ডোতে সব খাবার খেয়ে থাকেন। তিনি তার দিন শুরু করেন ডিম দিয়ে। তবে কখনও কখনও এক পিস পাউরুটিও খান।
এক সাক্ষাৎকারে সুনিধি তার ডায়েট প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন, “প্রোটিন ও ফ্যাট দিয়ে ফাস্টিং শেষ করতে হয়। এগুলি কার্বোহাইড্রেটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার কেবল বিকেল ৫টার দিকে খুব ক্ষুধা পায়। তাই ওই সময় আমি বাদাম খেয়ে থাকি, এটা আরও ৩ ঘন্টা আমার পেট ভর্তি রাখে। যে দিনগুলোতে আমি ওয়েট লিফটিং করি, কেবল সেদিনগুলোতেই আমি প্রোটিন শেক খাই। তবে এটা সপ্তাহে ২-৩ দিনই থাকে। আমি মোটামুটি সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে আমার রাতের খাবার খেয়ে নেই।”