সত্যিকারের ভালোবাসা নাকি মোহ- সম্পর্কে জড়ানোর আগে বুঝবেন যেভাবে

কারও সঙ্গে নিয়মিত ঘুরছেন, ফিরছেন, দিনের অনেকটা সময় একসঙ্গে কাটাচ্ছেন- মনে মনে ভাবছেন একে অপরের প্রেমে পড়ে গেছেন। কিন্তু এই অনুভূতিটি আসলেই প্রেম নাকি মোহ- তা বুঝে ওঠতে পারছেন না।

অনেককেই দেখা যায়, প্রথম প্রেমে পড়লে সঙ্গীর সবকিছুই যেন ভালো লাগে। তখন করলাও মিষ্টি খেতে লাগে। কিন্তু যত সময় যেতে থাকে, স্বাদ বুঝতে শুরু করেন, তখনই আর সম্পর্কে থাকতে ভালো লাগে না। তখন নানা সমস্যা তৈরি হয়। অনেকে প্রেম ও মোহর মধ্যে ফারাক বুঝতে পারেন না। যখন প্রেমে পড়ছেন, সেটাকেই ভালোবাসা বলে মেনে নিচ্ছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই প্রেমের মোহ কেটে যাচ্ছে। তখনই ‘‘আউট অফ লাভ’’ ফিল করছেন। সামনের মানুষটার তখন কোনো কিছুই যেন ভালো লাগছে না। অথচ, যখন প্রেমে পড়েছিলেন ওই একই ব্যক্তির সব কিছু আপনার প্রিয় ছিল। মোহের বশে সম্পর্কে না জড়ানোই ভালো।

তাই আগে থেকে জেনে রাখুন এটা সত্যিকারের ভালোবাস নাকি মোহ।

ভুল এড়িয়ে যাওয়া

আপনি যদি কারও ওপর ক্রাশ খান, তার কোনো ভুলই চোখে দেখতে পাবেন না। এমনকি সে যদি কোনো বিষয়ে ভুল করেও থাকে, সেটা আপনার চোখে ঠিকই মনে হবে। বারবার তাকে ‘‘সেফ গার্ড’’ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি যদি সত্যি কাউকে ভালোবেসে থাকেন, তবে তার ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলবেন। তিনি যদি কোনো ভুলও করেন, তা হলে তাকে বোঝাবেন, তার ভুল শুধরে দেওয়ার জন্য সাহায্য করবেন। 

হিংসা হওয়া

আপনার সঙ্গী অন্য কারও সঙ্গে কথা বললে আপনার যদি হিংসা হয়; সঙ্গী আপনার বদলে অন্য কারও সঙ্গে সময় কাটাচ্ছে বলে আপনার খারাপ লাগে- তখনই বুঝে নিবেন এটি সত্যিকারের ভালোবাসা নয়, মোহ। যদিও এটা কিন্তু সম্পর্কে ‘‘রেড ফ্ল্যাগ’’। কোনো মানুষকে ভালোবাসলে, তাকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। তা ছাড়া আপনি জানেন যে, মানুষের সঙ্গে মেলামেশায় আপনাদের সম্পর্কে কোনো খারাপ প্রভাব পড়বে না। 

নিজেকে গুরুত্ব না দেওয়া

প্রেমে পড়েছেন, সারাক্ষণ তার কথাই ভেবে চলেছেন। এই পর্যন্ত একদম ঠিক আছে। কিন্তু সঙ্গীর জন্য একেবারে নিজেকে ভুলে যাওয়া উচিত নয়। সঙ্গীর জন্য নিজের ভালো লাগাগুলোকে গুরুত্ব না দেওয়া ঠিক নয়। সব সময় পার্টনারের কথা ভেবে নিজেকে পরিবর্তন করছেন, এটা মোটেও উচিত নয়। প্রথমে নিজেকে ভালোবাসা উচিত। তবেই আপনি কারও যোগ্য সঙ্গী হয়ে ওঠতে পারবেন। নিজেকে যেমন ভালোবাসবেন, তেমনই সঙ্গীরও খেয়াল রাখতে হবে।