গাছে প্রয়োজনের তুলনায় বেশি পানি দিচ্ছেন না তো?

গাছ সতেজ রাখতেও চাই পর্যাপ্ত পানি। তবে গাছের পানি যেমন প্রয়োজন, তেমনি পরিমাপ মতো পানি দেওয়া গুরুত্বপূর্ণ। কম পানি দিলে যেমন শুকিয়ে যেতে পারে গাছ, তেমনি বেশি পানি দিলেও পচে যেতে পারে গাছের গোড়া।

তাই চলুন জেনে নেওয়া যাক গাছে প্রয়োজনের তুলনায় বেশি পানি দিচ্ছেন কি না বুঝবেন যেভাবে।

১. টবের মাটির ভেতরে আঙুল সোজা প্রবেশ করান। ২-৩ ইঞ্চি গভীরে গিয়ে যদি বোঝেন মাটি ভেজা, তাহলে বুঝবেন পানির পরিমাণ পর্যাপ্ত। শুকনো মনে হলেই পানির প্রয়োজন বুঝতে হবে।

২. লম্বা কাঠি মাটির ভেতরে প্রবেশ করান। ভেজা থাকলে মাটি কাঠিতে লেগে যাবে। শুকনো থাকলে লাগবে না। এই পরীক্ষায় বুঝতে পারবেন, মাটি আসলে কতটা আর্দ্র।

৩. টবটি এক বার এক হাতে তুলে ধরার চেষ্টা করুন। যদি খুব ভারী মনে হয়, তা হলে বুঝবেন মাটিতে পানি আছে। পানি কম থাকলে মাটির রংও ফিকে হয়ে যাবে। টবের ওজনও কম হবে।

তবে সব গাছের খাদ্যচাহিদা এক নয়। কোনো কোনো গাছের শোষণক্ষমতা বেশি থাকে, আবার কোনোটাকে প্রতিদিনই পানি দেওয়া প্রয়োজন।

টবে পানির শোষণক্ষমতা কম থাকে। তাই এতে দীর্ঘসময় পানি থাকে। তাই টবের মাটি শুকিয়ে এলে পানি দেওয়া উচিত। আবার টবে অতিরিক্ত পানি জমে গাছের শিকড়ে পচন ধরতে পারে। এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়লে বুঝতে হবে অতিরিক্ত পানি দিয়ে ফেলছেন।

ঢালাওভাবে সব গাছে পানি না দিয়ে গাছের ধরন বুঝে পানি দিন। খরাসহনশীল গাছ যেমন- ক্যাকটাস, স্নেক প্ল্যান্ট এবং জেড প্ল্যান্টের ক্ষেত্রে মাটি সম্পূর্ণরূপে শুকিয়ে এলে তবেই পানি দিন। অন্যদিকে ফার্নজাতীয় গাছ ভেজা মাটি পছন্দ করে। ফলে মাটিতে একটু ভেজা ভাব থাকতেই পারে। আবার কিছু গাছ যেমন- লাকি ব্যাম্বু, পাথোস বা মানিপ্ল্যান্ট, এরা বোতলের পানিতেই বেঁচে থাকতে পারে। এই গাছগুলোর পানিতে ডুবে মরার আশঙ্কা কম।