ভারতের ‘রাজধানী এক্সপ্রেসে’ ভয়াবহ আগুন  

ভারতের রাজস্থানে দিল্লীগামী ‘রাজধানী এক্সপ্রেসের’ একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

রবিবার (১৭ মে) ভোরের দিকে ভোর ৫টা ১৫ মিনিটে বিক্রমগড় আলোত স্টেশনের কাছে চলন্ত অবস্থায় ট্রেনটির বি-১ বগিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

রেলওয়ে কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, রবিবার ভোরে কোটা রেলওয়ে ডিভিশনের আওতাধীন আলোট এবং লুনিরিছা স্টেশনের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তিরুবনন্তপুরম থেকে হযরত নিজামুদ্দিনগামী ১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনার সময় ওই কোচটিতে ৬৮ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরপরই রেল কর্তৃপক্ষের তৎপরতায় সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়।

এই ঘটনায় কোনো যাত্রী বা রেলকর্মী আহত হননি। উদ্ধারকৃত যাত্রীদের আপাতত ট্রেনের অন্যান্য কোচে সাময়িকভাবে বসার ব্যবস্থা করে কোটা স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে।   

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কোটা স্টেশনে ট্রেনটির সাথে একটি নতুন অতিরিক্ত কোচ যুক্ত করা হবে। তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরপরই সতর্কতা হিসেবে রেল লাইনের ওপরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ক্ষতিগ্রস্ত কোচ দুটিকে মূল ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ইতোমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে মনে করা হলেও, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। 

এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হলেও দিল্লি-মুম্বাই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লাইন পরিষ্কার করার কাজ চলায় মুম্বাই-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে রাখতে হয়। ফলে এই রুটের দূরপাল্লার যাত্রীরা সাময়িক ভোগান্তির মুখে পড়েন।