ভারতের বেঙ্গালুরুর একটি ডে কেয়ার সেন্টারে ছোট শিশুদের ওপর নির্মম নির্যাতনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে পরিচালিত ওই ডে কেয়ার সেন্টারটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করছে। তদন্তের স্বার্থে ডে কেয়ার সেন্টারটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই বছর বয়সী শিশুদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, শিশুদের কান্না থামাতে তাদের ফ্রন্ট-লোডিং ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে বসিয়ে রাখা হতো। এছাড়া টয়লেটে বসিয়ে জোর করে মুখে পানি ছিটানো এবং বাথরুমে আটকে রাখার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
ভিডিও প্রকাশের পর পুলিশ পাঁচ নারী কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। নির্যাতনের ঘটনা নিয়মিত ঘটত কি না এবং এর সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চাকরিজীবী অভিভাবকেরা কর্মস্থলে থাকার সময় তাদের সন্তানদের ওই ডে কেয়ারে রেখে যেতেন। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বে থাকা কয়েকজন কর্মী শিশুদের ওপর এসব নির্যাতন চালাতেন।
বেঙ্গালুরু নগর পুলিশের কমিশনার সীমন্ত কুমার সিং ঘটনাটিকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই মামলা নেওয়া হয়েছে। একজন নারী উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, কর্ণাটক রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনও ঘটনাটির তদন্তে নেমেছে। কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছে এবং স্বাধীনভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে।



