পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। চীনের সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
রবিবার (২৪ মে) প্রদেশটির রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনে এই ভয়াবহ হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় সকাল ৮টা বেজে ৫ মিনিটের দিকে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শাটল ট্রেনটিতে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। তারা ঈদ-উল-আজহার ছুটিতে বাড়ি ফিরছিলেন। শক্তিশালী এই বিস্ফোরণের ধাক্কায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর মধ্যে দুটি বগিতে দাউদাউ করে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ট্রেনের আশপাশে থাকা বেশ কিছু বেসামরিক যানবাহনও পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ শুরু করে। আহতদের মধ্যে ৫৭ জনকে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা ছিল। বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী শাটল ট্রেনটিকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটায়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৭০ কেজিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি বেলুচিস্তানের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। এই বিস্ফোরণে হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিকও ছিলেন এবং রেললাইনের কাছের একাধিক বাড়ি ও বেশ কয়েকটি যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছে, একজন আত্মঘাতী বোমা হামলাকারী সামরিক কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।
প্রাদেশিক স্বরাষ্ট্র দপ্তরের বিশেষ সহকারী বাবর ইউসুফজাই বলেন, “নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং পুলিশ বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণের জন্য কাজ করছে।”
প্রসঙ্গত, খনিজ সম্পদে সমৃদ্ধ এবং বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি প্রধান পথ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত জঙ্গিগোষ্ঠীর সহিংসতার মুখে পড়ছে।