দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
টাইমস অব ইসরাইলে নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন ঘটনায় তার শারীরিক অবস্থাসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়েন তিনি। এতে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে ইসরাইলজুড়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
গত মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহু জানান, তিনি সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট বা ক্যানসারজনিত টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন।
তিনি দাবি করেন, ইরান যেন বিষয়টি ইসরাইলের বিরুদ্ধে প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে, সে কারণেই চিকিৎসার বিষয়টি আগে প্রকাশ করা হয়নি। তবে কবে রোগ শনাক্ত হয়েছিল, কবে চিকিৎসা শুরু বা শেষ হয়েছে—এসব বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।
নেতানিয়াহুর ঘোষণার সঙ্গে তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসার নির্ণয় ও চিকিৎসাসংক্রান্ত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনে অর্ধেক পৃষ্ঠাজুড়ে মাত্র পাঁচটি অস্পষ্ট তথ্য ছিল এবং এটি কোন বছরের প্রতিবেদন, সেটিও উল্লেখ করা হয়নি। এছাড়া কোনো নথিতেই হাসপাতালের লোগো বা আনুষ্ঠানিক চিকিৎসা বিবৃতির ইঙ্গিত ছিল না।
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে একটি পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।
পেসমেকার বসানোর সময় প্রথমদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও হাসপাতাল জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি রামাত গানের সেবা মেডিকেল সেন্টারে এক রাত অবস্থান করেছিলেন। পরে হাসপাতাল জানায়, বাস্তবে তার শরীরে একটি সাবকিউটেনিয়াস হার্ট মনিটর বসানো হয়েছিল। এতে তার স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
চিকিৎসকরা এক সপ্তাহ পর স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইলেক্ট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। তবে তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ রয়েছে।