পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দেশটির বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশ করার পরপরই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সংবাদমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, এ দুর্ঘটনায় কমপক্ষে ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন।

শেরানি জেলার জেলা প্রশাসক (ডিসি) ওয়ালি খান কাকার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসনের উদ্ধারকারী দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে যায়।

তিনি জানান, উদ্ধার অভিযান চলছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল। তবে পথে আরেকটি বাস বিকল হয়ে যাওয়ায় সেখানকার আরও কয়েকজন যাত্রী এই বাসে ওঠেন।

এদিকে, প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বেলুচিস্তান সরকার। এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।