ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। তবে এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের সামনে সুরা আল-ইমরানের ১৩ নম্বর আয়াতটি তেলাওয়াত করা নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে, কারণ এই আয়াতে ইসলামের ঐতিহাসিক ‘বদর যুদ্ধের’ প্রসঙ্গ রয়েছে।
শুক্রবার আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সৌদি আরবের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য দেশের প্রতিনিধিদলকেও তাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী পৃথক পৃথক কোরআনের আয়াত শোনানো হয়।
পবিত্র কোরআনের সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াতে ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেক্ষাপট উল্লেখ রয়েছে। যেখানে স্বল্পসংখ্যক ঈমানদার ও বিশাল অনীশ্বরবাদী (অবিশ্বাসী) বাহিনীর মধ্যকার সংঘর্ষ এবং আল্লাহর অলৌকিক সাহায্যে মুমিনদের চূড়ান্ত বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই নির্দিষ্ট আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে তেহরান সম্ভবত রিয়াদের উদ্দেশে কোনো প্রতীকী বা রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে আয়াত নির্বাচনের এই উদ্দেশ্য নিয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশের মধ্যকার সমীকরণ মাথায় রেখে নেটিজেন ও বিশ্লেষকদের অনেকেই এই আয়াত নির্বাচনের পেছনে গভীর কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন। তবে এই প্রতীকী বিষয়টির পর কোনো ধরনের বিতর্ক এড়াতে দুই দেশের সরকারের পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।