এবার একাধিক মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্রের রাতভর হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ বিভিন্ন দেশে অবস্থিত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ হামলা-পাল্টা হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি নিয়ে হওয়া প্রাথমিক সমঝোতা কার্যত ভেঙে গেছে। ফলে টানা ষষ্ঠ দিনের মতো দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা একাধিক স্থানে প্রায় ছয় ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেছে। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা আরও দুর্বল করতেই ইরানের বিভিন্ন স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের উচিত পরিস্থিতিকে আরও জটিল না করা। তিনি বলেন, ইরান আলোচনায় ফিরে না এলে দেশটিকে আরও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে।