নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ৬৯১

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ৬৯১ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে এখনো প্রায় তিন হাজার মানুষ।  

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

নেপাল জানিয়েছে, দেশটিতে কয়েকশ বিদেশিসহ ২,৪২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন। আর এ পর্যন্ত ৬৭৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাঠমান্ডু।

রবিবার (৩০ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন এবং ১৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। সিসিটিভি আরও জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক।

রেড ক্রসের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে নেপালের প্রায় ৯৩,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি বিশেষায়িত উদ্ধার সরঞ্জামের জরুরি আবেদন জানিয়েছে নেপাল সরকার। বিশেষ করে দুর্গম এলাকায় কাজ করার জন্য ভারী মালামাল বহনে সক্ষম ড্রোন, পরিচয় শনাক্তকরণে ডিএনএ পরীক্ষার কিট এবং মরদেহ সংরক্ষণের জন্য ফ্রিজার ইউনিটের চাহিদা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এদিকে, উদ্ধার অভিযানের প্রধান কেন্দ্র বিদুর শহরের সেনাচৌকিতে এখন মানুষের উপচেপড়া ভিড়। সেখানে উদ্ধার পাওয়া ব্যক্তিদের তালিকার চারপাশে ভিড় জমিয়েছেন উদ্বিগ্ন স্বজনরা। তালিকার প্রতিটি নামে খুঁজছেন তাদের প্রিয়জনদের।