ককেশাসে তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ার দুর্গম ককেশাস পর্বতমালায় তুষারধসে একটি পর্বতারোহী দলের ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় জন নিখোঁজ রয়েছেন। 

সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, রবিবার দেশটির স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম সর্বোচ্চ শৃঙ্গ মিঝিরগি পর্বত থেকে তুষারধস নেমে আসে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে।

এএফপি বলছে, তুষারধসের পর ৫০ জনের বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের আশঙ্কায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

তবে তুষারধসের পরদিন সোমবার সকাল ৯টার মধ্যে ১০ পর্বতারোহী নিজেরাই পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন।