ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে নিখোঁজ হয়েছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনে অবস্থিত সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগর। তখন এটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে ছিল।
স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, উত্তাল সমুদ্রের কবলে পড়ার পরই জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশন্স প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটিকে উদ্ধারে ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
তবে জাহাজটি ডুবে গেছে নাকি অন্য কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।